২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনজিও-র সম্পত্তি বিষয়ে দুদকে আলোচনা হয়নি

দুর্নীতি দমন কমিশন বলেছে, কাজের চাপের কারণে বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) নিয়ে এখন কাজ করার সময় নেই। কমিশনের কোনো সভায় এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আলোচনা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 03:32 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশন বলেছে, কাজের চাপের কারণে বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) নিয়ে এখন কাজ করার সময় নেই। কমিশনের কোনো সভায় এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। এদিকে, দুর্নীতি দমন কমিশনের মামলার বিষয়ে পরামর্শ দিতে ড. কামাল হোসেন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে দেখা করেছেন। সোমবার বিকেলে সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ কথা জানান। এনজিওগুলোর কাছ থেকে হিসাব চাওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এখন কমিশনের ওপর কাজের যে চাপ কমিশনের ওপর কাজের যে চাপ রয়েছে তাতে এনজিও নিয়ে কাজ করার সময় নেই। কমিশনের কোনো সভায় এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। কমিশন এখনও মনে করে না এনজিওগুলোর হিসাব নেওয়ার প্রয়োজন আছে।" তিনি জানান, সোমবার দুপুরের দিকে ড. কামাল কমিশনের চেয়ারম্যানের সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে আসেন। কর্নেল হানিফ বলেন, "ড. কামাল হোসেন দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডে তার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাত করতে এসেছিলেন। তিনি একজন খ্যাতিমান আইনজীবী। তাই স্বাভাবিকভাবেই কমিশনের চলমান মামলাগুলোর ব্যাপারে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আইনি পরামর্শ দিয়েছেন।" তবে ড. কামাল কী পরামর্শ দিয়েছেন সে ব্যাপারে কিছু জানাননি দুদক মহাপরিচালক। কমিশনের কর্মকর্তাদের সম্পত্তির হিসাব দেওয়ার ব্যাপারে তিনি বলেন, "আমার জানামতে কমিশনে এমন কোনও কর্মকর্তা নেই যিনি সম্পত্তির হিসাব জমা দেন নাই। এটা কমিশনের অলিখিত নিয়ম (প্র্যাকটিস)।" দুদক কর্মকর্তাদের এ হিসাব প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এটা কমিশনের প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার।" আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা বার্জমাউন্টেড বিদ্যুৎ প্রকল্পের মামলার অভিযোগপত্র সম্পর্কে মহাপরিচালক বলেন, বিষয়টি তার জানা নেই। তবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরেও কিছু কাজ থাকে। প্রতিবেদন জমা হওয়ার পর পরবর্তী প্রক্রিয়াগুলো স্বাভাবিকভাবেই শুরু হয়ে যাবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, "এ মামলার অভিযোগপত্র বোধহয় এখন চুড়ান্ত পর্যায়ে আছে। তবে সেটা কবে দাখিল করা হবে সুনির্দিষ্টভাবে বলতে পারব না।" সর্বশেষ ১২ জন 'সন্দেহভাজন দুর্নীতিবাজে'র সম্পত্তির হিসাব চাওয়ার বিষয়ে তিনি বলেন, এদের কেউ এখনও সম্পত্তির হিসাব জমা দেয়নি বা হিসাব জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আবেদনও করেননি। তবে তাদের হাতে এখনও দু' একদিন সময় আছে। কর্নেল হানিফ জানান, অনুসন্ধান ও তদন্ত কাজের পাশাপাশি কমিশন দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে। শূন্যপদ পূরণের জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে প্রেষণে জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। সেইসঙ্গে কমিশনের নিজস্ব জনবলের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডিসেম্বরের প্রথম দিকে পাঁচ কর্মকর্তা ও পাঁচজন আইনজীবীকে সম্পত্তি উদ্ধার বিষয়ক কর্মশালার জন্য ভারতের জয়পুরে পাঠানোর পরিকল্পনা রয়েছে। যুক্তরাজ্য সরকার এ সফরে আর্থিক সহায়তা দেবে বলে তিনি জানান। দুদকের মহাপরিচালক আরও জানান, ঢাকার বাইরে দুর্নীতি দমন কর্মকাণ্ড জোরদার করার জন্যে ইতোমধ্যে ছয়টি বিভাগীয় পরিচালক পদে কর্মকর্তা মনোনয়ন চুড়ান্ত করেছে কমিশন। একইসঙ্গে ২২টি জেলা দুর্নীতি দমন কার্যালয়কে কাজের জন্য প্রস্তত করার প্রক্রিয়া শেষ হওয়ার পথে। তিনি জানান, অপারেশনাল ও প্রশাসনিক সুবিধা বিবেচনা করে কমিশনের রাজশাহী বিভাগীয় কার্যালয় বগুড়ায় স্থানান্তর করাসহ আরও বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। ২৯ নভেম্বর কমিশনের চেয়ারম্যান ইলেকট্রনিক সংবাদ মাধ্যমের প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/পিসি/এমএসবি/এমএইচবি/২১১৪ ঘ.