ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্র অভিনেতা ও ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে সোয়া ৩ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে করা মামলার রায় দেওয়া হবে আগামী বৃহস্পতিবার। সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় সোমবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে এ তারিখ নির্ধারণ করেন।
ডিপজল বর্তমানে পলাতক রয়েছেন। এর আগে, অবৈধভাবে অস্ত্র ও গুলি রাখার অপরাধে তিনি ১৭ বছর এবং আরেকটি অস্ত্র মামলায় ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার মো. মুহতাসিবুর রহমান খান গত ১৮ সেপ্টেম্বর ডিপজলের বিরুদ্ধে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে কর ফাঁকির মামলাটি দায়ের করেন। ওই দিনই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
মামলার এজাহারে বলা হয়, ডিপজল ১৯৯৮-১৯৯৯ থেকে ২০০৬-২০০৭ কর বর্ষে দাখিল করা আয়কর রিটার্নে ১১ কোটি ৪২ লাখ ২৭ হাজার ৫৮৩ টাকার সম্পত্তি উল্লেখ না করে এর ওপর প্রযোজ্য কর ৩ কোটি ১৬ লাখ ৪ হাজার ৪৪ টাকা ফাঁকি দিয়েছেন।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত নিজের ও সন্তানের নামে জমি কেনা, বিভিন্ন ব্যাংকে নিজ ও তিন সন্তানের নামে জমা করা টাকা, চারটি আগ্নেয়াস্ত্র কেনা, নিজ নামে গাড়ি ক্রয়, ২২টি চলচ্চিত্র নির্মাণ, এশিয়া সিনেমা হলসংলগ্ন বিভিন্ন স্থাপনা ও দীপনগর এলাকা থেকে ভাড়া, পৈত্রিক বাসভবন সংস্কার, সাভার উপজেলার ফুলবাড়িয়া ও পানপাড়া মৌজায় ফাহিম শ্যুটিং স্পটে বাড়ি সংস্কার ও বৈদ্যুতিক সরঞ্জাম সংযোজন বাবদ অর্থ ব্যয় এবং নিজ নামে ২০০ তোলা স্বর্ণালংকারের তথ্য গোপন করে আয়কর বিভাগে মিথ্যা তথ্য দিয়ে উল্লিখিত কর ফাঁকি দিয়েছেন।
বিশেষ জজ আদালতে গত ১৮ অক্টোবর এ মামলার অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শেষ হয় ২১ নভেম্বর। রাষ্ট্রপক্ষে এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৬১ জন।
২৬ জুলাই অবৈধ অস্ত্র ও গুলি রাখার অপরাধে মনোয়ার হোসেন ডিপজলকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া গত ২০ আগস্ট অন্য একটি অস্ত্র মামলায় ডিপজল এবং তার স্ত্রী রোমানা মনোয়ারকে সাত বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেয় আদালত। রোমানা মনোয়ার কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/২০৪৪ ঘ.
bdnews24