ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিভিন্ন আদালতে ঝুলে থাকা মাদক আইনের ৩৬ হাজার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য একটি কমিটি করেছে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাজের সুবিধার জন্য তাদের অস্ত্রের লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বোর্ডের দশম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে স্বরাষ্ট্র সচিব আবদুল করিম সাংবাদিকদের জানান, সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে বোর্ডের পক্ষ থেকে অধিদপ্তরের কার্যক্রম গতিশীল করার তাগিদ দেওয়া হয়।
আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, স্বাস্থ্য উপদেষ্টা ডা. এ এস এম মতিউর রহমান, শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী, স্বরাষ্ট্র সচিব আবদুল করিম, ভারপ্রাপ্ত আইন সচিব কাজী হাবিবুল আওয়াল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হুমায়ুন কবির, শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ডা. জাফর উল্লাহ খান, ডা. এম আর খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ প্রমুখ।
স্বরাষ্ট্র সচিব জানান, এখনকার সুযোগ-সুবিধা নিয়েই অধিদপ্তরের কার্যক্রম গতিশীল করার জন্য বোর্ডের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়েছে। কার্যক্রম গতিশীল হলেই অধিদপ্তরের কর্মকর্তাদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে বলে সভায় জানানো হয়েছে।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের প্রায় ৩৬ হাজার মামলা বিভিন্ন আদালতে ঝুলে আছে। সভায় এসব মামলার দ্রুত নিষ্পত্তি করে প্রায় ৪৫ হাজার আসামির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ আবদুর রশীদের নেতৃত্বে এই কমিটি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাজের সুবিধার্থে তাদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে সভায়। কতজন কর্মকর্তাকে লাইসেন্স দেওয়া হবে তা জানিয়ে অধিদপ্তরের মহাপরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব করবেন। তার প্রস্তাবের ভিত্তিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
সচিব জানান, পাঁচতারা হোটেল এবং ২০০ জনের বেশি নিবন্ধিত সদস্য রয়েছে এমন ক্লাবগুলোকে সীমিত আকারে 'বার' পরিচালনার অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
এছাড়া মাদকের বিস্তার রোধে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের এসব কমিটির দায়িত্ব দেয়া হবে।
এক প্রশ্নের জবাবে সচিব জানান, দেশে বর্তমানে মাদকাসক্তের সংখ্যা কত তা নির্ধারণে জরিপের উদ্যোগ নেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব জরিপ পরিচালনার বিষয়টি নিশ্চিত করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/জেকে/এমএ/১৯৩৮ঘ.
bdnews24