খুলনা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও মাদক মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
সোমবার খুলনার মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুর রহমানের আদালতে আলাদা দুটি অভিযোগপত্র দাখিল করা হয় বলে দুই মামলার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন।
অস্ত্র মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন খুলনা সদর থানার উপ-পরিদর্শক শিবপদ দত্ত এবং মাদক মামলার তদন্ত করেন একই থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান।
তারা জানান, অভিযোগপত্র দুটিতে অস্ত্র আইনের ১৯(ক) ধারায় এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) ধারায় মেয়রকে অভিযুক্ত করা হয়।
বিএনপি নেতা তৈয়েবুর রহমান বর্তমানে যশোর কারাগারে আটক রয়েছেন। গত ২ নভেম্বর রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন মেয়রের খুলনার বাসায় অভিযান চালিয়ে একটি পাইপ গান, একটি শাটার গান, ২৫ রাউন্ড গুলি ও তিন বোতল মদ উদ্ধার করে যৌথবাহিনী।
অস্ত্র ও মদ উদ্ধারের ঘটনায় মেয়রের বিরুদ্ধে খুলনা সদর থানায় দুটি মামলা দায়ের করে পুলিশ। গ্রেপ্তারের একদিন আগে খুলনা সিটি কর্পোরেশনের চাকরিচ্যুত কর্মকর্তা হাফিজুর রহমান সিটি মেয়রের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা করেন।
অস্ত্র ও মাদক মামলা দুটি ছাড়াও তৈয়েবুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সাতটি মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৬ ঘ.
bdnews24