ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের বেঁধে দেয়া সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবালকে তিন বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম এ মামলার রায় দেন।
ফিরোজ মাহমুদ বর্তমানে পলাতক রয়েছেন। আসামির আত্মসর্মপণ অথবা আটকের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব দাখিল না করার অভিযোগে কমিশনের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন গত ৫ আগস্ট তেজগাঁও থানায় ফিরোজ মাহমুদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
চলতি বছরের জুলাই মাসে দুর্নীতি দমন কমিশন ফিরোজ মাহমুদসহ বেশ কয়েকজনের নামে নোটিশ পাঠায়। নোটিশপ্রাপ্তদের ৭ দিনের মধ্যে নিজ ও স্ত্রী-সন্তানদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিতে বলা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেয়ায় এর আগে আদালত আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান, জয়নাল হাজারী, বিএনপি নেতা হারিছ চৌধুরী ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে তিন বছর করে কারাদণ্ড দেয়। মামুন ছাড়া অন্য সবাই পলাতক রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৩২৭ ঘ.
bdnews24