ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দুটি চাঁদাবাজি মামলায় তারেক রহমানের মোট পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আল আমীন কনস্ট্রাকশন ও রেজা কনস্ট্রাকশন লিমিটেডের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ আবু শাহেদ সাহেলের প্রায় ৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় তিন দিন ও রেজা কনস্ট্রাকশনের পরিচালক খান মো. আফতাব উদ্দিনের দায়ের করা ষোল লাখ টাকা চাঁদাবাজির মামলায় দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
সোমবার সকালে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে আবু শাহেদ সাহেলের মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। এ সময় তারেক রহমানের পক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল করার দাবি জানিয়ে আদালতকে বলেন, তদন্তের সময়সীমা শেষ হওয়ার পরও এ মামলায় রিমান্ড চাওয়া অযৌক্তিক ও বেআইনী।
গত ৪ মে আল আমীন কনস্ট্রাকশন ও রেজা কনস্ট্রাকশন লিমিটেডের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ আবু শাহেদ সাহেল ৪ কোটি ৮৯ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিলেন। গুলশান থানায় দায়ের করা এ মামলায় শুধু তারেকের বন্ধু বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে আসামি করা হয়। পরবর্তীতে ১৪ মে তারেক রহমানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. এহ্সানুল হকের আদালতে রিমান্ড বাতিল চেয়ে এ সময় তারেকের পক্ষে আবেদন জানান অ্যাডভোকেট সানাউল্লা মিয়া, খোরশেদ আলম, মাসুদ আহমেদ তালকুদার প্রমুখ।
এদিকে, মহানগর হাকিম হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে অপর চাঁদাবাজির মামলায়ও তারেককে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কাফরুল থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। এ মামলার রিমান্ড শুনানিতেও তারেকের আইনজীবীরা তাকে রিমান্ডে নেওয়ার বিষয়টিকে অযৌক্তিক বলে দাবি করেন।
গত ২৭ মার্চ রেজা কনস্ট্রাকশনের পরিচালক খান মো. আফতাব উদ্দিন চাঁদাবাজির অভিযোগ এনে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলাটি দায়ের করেন। পরবর্তীতে মামুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করে ১৩ এপ্রিল তারেককে এ মামলায় আসামি করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১৪০৫ঘ.
bdnews24