২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা কারাগার থেকে শায়খ রহমানের ছেলেসহ ৫ কয়েদির পালানোর চেষ্টা

মৃত্যুদণ্ডে দণ্ডিত জেএমবি নেতা শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল রহমানসহ ৫ কয়েদি রোববার রাতে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালানোর চেষ্টা করে। তবে কারারক্ষীরা স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 05:51 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

কুমিল্লা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মৃত্যুদণ্ডে দণ্ডিত জেএমবি নেতা শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল রহমানসহ ৫ কয়েদি রোববার রাতে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালানোর চেষ্টা করে। তবে কারারক্ষীরা স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে। কুমিল্লার জেলা প্রশাসক মো. মঞ্জুরুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল রহমান, জেএমবি সদস্য মো. গালিবসহ ৫ জন কারাগারের পূর্ব দেওয়াল টপকে পালানোর চেষ্টা করেছিল। স্থানীয় জনতার সহায়তায় কারা রক্ষীরা তাদের ধরে ফেলে। এ সময় ৫ জন কারারক্ষী আহত হয়েছেন।" কারারক্ষীরা জানায়, নাবিল, রঙ্গলা, গালিব, আরশাফুল আলম ও ছোটন নামের ৫ কয়েদি বিকেলেই কয়েদখানা থেকে গোপনে বেরিয়ে যায়। রাত ৮টা ২৫ এর দিকে তারা পূর্ব দিকের দেয়াল টপকানোর চেষ্টা করে। তাদের মধ্যে নাবিল ও গালিব দেয়াল পারও হয়ে যায়। কিন্তু দেয়ালের বাইরে লোকজন তাদের আটকে ফেলে। ৫ কয়েদি দেওয়াল টপকানোর চেষ্টা করছে টের পেয়ে কারাগারের পাগলা ঘণ্টা বাজিয়ে দেওয়া হয়। কারারক্ষী পুলিশ ও যৌথ বাহিনী কারাগারের আশেপাশের সব রাস্তা বন্ধ করে দেয়। কয়েদিদের পালিয়ে যাওয়ায় বাধা দিতে গিয়ে হামলায় সোবাহান, আনোয়ার, রহমত, রমজান ও প্রণব আচার্যসহ ৫ কারারক্ষী আহত হয়। রমজান, রহমত ও প্রণবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমএইচবি/২৩৪৪ ঘ.