ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সারের দাবিতে রোববার জামালপুরে মিছিল করেছে কৃষকরা। ওই সময় এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে অবৈধভাবে সার তোলা ও মজুদ করার অভিযোগে জয়পুরহাটে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর জামালপুর প্রতিনিধি জানান, মেলান্দহ উপজেলার ঝাউগড়ায় রোববার সারের দাবিতে কৃষকরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে সোলায়মান বাবলু (৪২) নামে এক কৃষককে গ্রেপ্তার করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন জানান, ঝাউগড়ায় কৃষকরা সারের দাবিতে মাইকিং করে পূর্ব ঝাউগড়া মোড়ে সমবেত হয়। সেখান থেকে মিছিল নিয়ে ঝাউগড়া বাজচারে পৌঁছলে সেনা সদস্যরা উপস্থিত হয়ে কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে।
বিশৃঙ্খলা তৈরির অভিযোগে উপজেলা কৃষি কর্মকর্তা জয়েন উদ্দিন বাদি হয়ে মেলান্দহ থানায় একটি মামলা করেছে। সে মামলায়ই সোলায়মানকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জামাল উদ্দিন জানান।
জয়পুরহাট প্রতিনিধি জানান, অবৈধভাবে ডিলারের কাছ থেকে সার তোলা ও মজুদের অভিযোগে ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের ইউপি সদস্য অঞ্জুয়ারা বেগমকে (৩০) শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম বাদি হয়ে একটি মামলা করেছেন বলে জানান ক্ষেতলাল উপজেলা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আকমল হোসেন।
তিনি জানান, বড়তারা ইউনিয়নের এক ডিলারের কাছ থেকে ১৬ জন কৃষকের স্বাক্ষর বিহীন তালিকা দিয়ে নিয়ম বহির্ভূতভাবে নিজ হেফাজতে সার তোলা, বিতরণ ও মজুদের প্রমাণ পাওয়ায় অঞ্জুয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৯১০ ঘ.
bdnews24