চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোলাপ বাজার এলাকায় শনিবার এক ট্রাক ফেনসিডিল আটক করেছে বিডিআর।
৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে শিবগঞ্জ-ভোলাহাট সড়কের গোলাপ বাজার এলাকায় একটি ট্রাক আটকায় বিডিআর সদস্যরা। ওই সময় ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যায়।
ট্রাকে তল্লাশি চালিয়ে ২ হাজার ১২ বোতল ফেনসিডিল পাওয়া যায় বলে ওই বিডিআর কর্মকর্তা জানান।
এদিকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি জানান, শনিবার ভোরে আমিনবাজারের মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব। ওই সময় দুই মাদক বিক্রেতাকেও গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ জাকির হোসেন (২২) ও ফজলুল হক (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সাভার থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৩ ঘ.
bdnews24