২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে 'বন্দুকযুদ্ধে' 'চরমপন্থী' নিহত

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া বাজারে শুক্রবার ভোরে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক 'চরমপন্থী' নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 09:19 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

মাদারীপুর, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া বাজারে শুক্রবার ভোরে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক 'চরমপন্থী' নিহত হয়েছে। নিহতের নাম সাইদ মাতাব্বর। তার বাড়ি ওই এলাকায়। তিনি সর্বহারা পার্টির সদস্য বলে পুলিশ জানায়। র‌্যাব-৮ এর কর্মকর্তা মেজর আনোয়ারুস সাদাত সাংবাদিকদের জানান, সর্বহারা পার্টির একটি দল শিরখাড়া বাজারের একটি পরিত্যক্ত ভবনে বৈঠক করছে- এ খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। চরমপন্থীদের আত্মসমর্পণের জন্য বলা হলে তারা র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়। র‌্যাব জানায়, ঘণ্টাখানেক গোলাগুলির পর চরমপন্থীরা পিছু হটে। তখন ভবনটিতে তল্লাশি চালিয়ে সাইদের লাশ ও বেশ কয়েকটি অস্ত্র ও বোমা পাওয়া যায়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, একটি শাটারগান, দুই রাউন্ড ব্যবহৃত কার্তুজ, এক রাউন্ড তাজা কার্তুজ, পাঁচটি বোমা ও দুটি ছুরি। 'বন্দুকযুদ্ধে' নায়েক ডাবলু হক ও সিপাহী তাজমুল বিশ্বাস নামে দুই র‌্যাব সদস্য আহত হন বলে মেজর সাদাত জানান। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আব্দুস সাত্তার জানান, সাইদ মাতাব্বরের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১১ ঘ.