২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাজারে পেয়াঁজের দাম কমেছে, উঠেছে নতুন আলু

এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের কাঁচাবাজারে পেয়াঁজের দাম প্রতি কেজিতে ২৫ টাকা কমে গেছে। তবে বেড়েছে আলুর দাম। এদিকে বাজারে আসা নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ টাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 08:50 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের কাঁচাবাজারে পেয়াঁজের দাম প্রতি কেজিতে ২৫ টাকা কমে গেছে। তবে বেড়েছে আলুর দাম। এদিকে বাজারে আসা নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ টাকায়। গত সপ্তাহে এক কেজি পেয়াঁজের খুচরা মূল্য ছিল ৫৮ থেকে ৬০ টাকা যা শুক্রবার সকালে বিক্রি হয়েছে ৩৫ টাকায়। অপরদিকে প্রতি কেজি আলু গত সপ্তাহের চেয়ে ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ টাকায়। নগরীর কাজীর দেউরী ও রেয়াজুদ্দিন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। বাজারে নতুন আলু আসতে শুরু করলেও দাম ছিল অনেক বেশি। শুক্রবার কাজীর দেউরী বাজারে প্রতি কেজি নতুন আলু ৭০ টাকায় বিক্রি হয়েছে। সরবরাহ কম থাকায় দাম বেশি বলে দাবি করেছেন বিক্রেতারা। রেয়াজুদ্দিন বাজারের খুচরা পেয়াঁজ বিক্রেতা কামাল মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভারত থেকে পেয়াঁজ আমদানি বেড়ে যাওয়ায় দাম অনেক কমে গেছে। তিন-চারদিনের মধ্যে দাম আরও কমে আসবে বলে তিনি মনে করেন। কামাল মিয়া জানান, বৃহস্পতিবার খাতুনগঞ্জের পাইকারী বাজারে প্রতি কেজি পেয়াঁজ ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হয়েছে। অথচ বুধবার সকালে এ দর ছিল ৩৮/৪০ টাকা। প্রতি সপ্তাহেই শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় দাম কমছে। শীতকালীন সবজির পাশাপাশি নানারকম শাক বাজারে আসতে শুরু করলেও দাম অনেক বেশি ছিল। মুলা শাক প্রতি আঁটি বিক্রি হয়েছে ৮ টাকা দরে। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা কমেছে। তবে কিছু সবজির দাম বেড়েছে। রেয়াজউদ্দিন বাজারে শুক্রবার সকালে প্রতি কেজি শিম ২৪ টাকা থেকে শুরু করে ৩০ টাকা, মুলা ১০ টাকা, ফুলকপি প্রতিটি ২০ টাকা ও বাধাঁকপি ১৬ টাকায় বিক্রি হয়। এছাড়া আলু প্রতি কেজি ২৬ টাকা, করলা ২৪ টাকা, ঢেঁড়শ ৩২/৩৪ টাকা, শসা ২ টাকা বেড়ে ২২ টাকা, ঝিঙা ৩০ টাকা, পটল ৪ টাকা কমে ২৪ টাকা, পেঁপে ১২ টাকা, কাঁচামরিচ ৬০ থেকে ৭০ টাকা, ধনেপাতা ১০০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে কাজীর দেউরী বাজারে এসব সবজির দাম প্রতি কেজিতে ২/৪ টাকা বেশি। অন্যদিকে ভোজ্যতেল, আটা-ময়দা, গুঁেড়া দুধ ও চালের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। সয়াবিনসহ সকল ভোজ্যতেল এবং চালের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে বলে দোকানিরা জানালেন। শুক্রবার খুচরা বাজারে প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ৯০ টাকায়। অপরদিকে কোম্পানিভেদে ৯০০ মিলি লিটারের সয়াবিন জার বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯২ টাকায়। প্রতি কেজি প্যাকেট আটা আগের দাম ৩৬-৩৮ টাকা ও ময়দা ৩৮-৪০ টাকায় বিক্রি হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এমআই/১৪৪৪ ঘ.