২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের আশ্রয় না দিতে দূতাবাসগুলোকে চিঠি দেবে নির্মূল কমিটি

একাত্তরের চিহ্নিত যুদ্ধাপরাধীদের যেন অন্য কোনো দেশে আশ্রয় না দেয়া হয়, সে জন্য আগামী এক সপ্তাহের মধ্যে বিভিন্ন দূতাবাসে চিঠি দেবে ঘাতক দালাল নির্মূল কমিটি। যুদ্ধাপরাধীদের দেশ ত্যাগ ঠেকাতেই এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 07:49 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একাত্তরের চিহ্নিত যুদ্ধাপরাধীদের যেন অন্য কোনো দেশে আশ্রয় না দেয়া হয়, সে জন্য আগামী এক সপ্তাহের মধ্যে বিভিন্ন দূতাবাসে চিঠি দেবে ঘাতক দালাল নির্মূল কমিটি। যুদ্ধাপরাধীদের দেশ ত্যাগ ঠেকাতেই এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি। এসব যুদ্ধাপরাধীদের নামের তালিকাও জানাবে তারা। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা অধ্যাপক কবীর চৌধুরী একথা জানান। তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি।" তবে এককভাবে কেউ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচারের জন্য আদালতে যাবে না বলে তিনি উল্লেখ করেন। যুদ্ধাপরাধীদের তালিকার বিষয়ে কবীর চৌধুরী জানান, শহীদ জননী জাহানারা ইমাম ও কবি সুফিয়া কামালের নেতৃত্বে নির্মূল কমিটি ঘোষিত ১৫ জন যুদ্ধাপরাধী এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও দলিলপত্র থেকে ওই তালিকা করা হবে। এককভাবে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আদালতে মামলা না করার পক্ষে যুক্তি দেখিয়ে নির্মূল কমিটির নেতারা বলেন, অতীতে দেখা গেছে, ব্যক্তিগতভাবে যুদ্ধাপরাধীর বিরুদ্ধে করা মামলাগুলোর সুরাহা আজো হয়নি। বরং অনেক ক্ষেত্রে মামলার আসামিরা পার পেয়ে গেছে। কবীর চৌধুরী বলেন, "৩৬ বছরে দেশে এমন অনেক কিছুর বিরুদ্ধে কোনো সরকারই ব্যবস্থা নিতে পারেনি, কিন্তু বর্তমান সরকার ব্যবস্থা নেয়ার নজির সৃষ্টি করেছে। তাহলে কেনো চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ রাষ্ট্র তথা সরকার নিতে পারবে না?" সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর বলেন, "বর্তমান সরকার গণতন্ত্র ও নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে ঘুষখোর, ঋণ ও করখেলাপি এবং দুর্নীতিবাজদের বিচারের উদ্যোগ নিয়েছে। তাহলে একাত্তরের গণহত্যাকারী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচারের উদ্যোগ নিতে বাধা কোথায়? এই উদ্যোগ সরকারকেই নিতে হবে।" রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকা থেকে চিহ্নিত যুদ্ধাপরাধীদের নাম বাদ দেয়ার জন্যও সংবাদ সম্মেলনে আহ্বান জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি কে এম সোবহান, ফেরদৌসী প্রিয়ভাষিণী, মমতাজ লতিফ, অধ্যাপক অজয় রায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/এমআই/১৩৪৫ ঘ.