ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় তিন দিনে দুই লাখ ৭৩ হাজার ভোটার তালিকার ফরম বিলি করা হয়েছে।
উপ নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২০ নভেম্বর থেকে ডিসিসির ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই কাজ। ১ ডিসেম্বর থেকে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে ভোটারদের ছবি তোলা ও আঙুলের ছাপ নেয়া শুরু হবে। একই সঙ্গে ভোটারদের দেয়া হবে জাতীয় পরিচয়পত্র।
ডিসিসিতে ভোটারদের তথ্য সংগ্রহ করার প্রধান সমস্যা সমস্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "ঢাকার অধিকাংশ মানুষই কর্মজীবী। এ জন্য দিনের বেলায় তাদের বাসায় পাওয়া যায় না বলে তথ্য সংগ্রহকারীরা আমাদের জানিয়েছেন।"
এছাড়া ভোটার তালিকার সঙ্গে জাতীয় পরিচয়পত্রের জন্য নানান তথ্য সংগ্রহের কথা জানিয়ে উপ নির্বাচন কমিশনার বলেন, "এ জন্য সাধারণ ভোটার তালিকার তুলনায় এবারের ভোটার তালিকার ফরম পূরণ করতে অনেক বেশি সময় লাগছে।"
এ সব প্রতিবন্ধকতার মধ্যেও ডিসিসি'র সব ভোটারদের তালিকাভুক্ত করতে কী উদ্যোগ নেওয়া হয়েছে - জানতে চাইলে বিশ্বাস লুৎফর রহমান বলেন, "আমরা তথ্য সংগ্রহকারীদের রাতেও কাজ করার নির্দেশ দিয়েছি। এছাড়া শুক্র ও শনিবার সরকারি ছুটির দিনে অধিকাংশ কর্মজীবীকে বাসায় পাওয়া যায় বলে আমরা এই দুই দিন পুরোদমে কাজ চালানোর জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/টিএইচ/এমএ/১৩৪০ ঘ.
bdnews24