ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় ২০ কোটি ডলার সাহায্যের আশ্বাস পেয়েছে সরকার। আগামী রোববার দাতা সংস্থা ও দেশগুলোর সঙ্গে বৈঠকে সাহায্যের পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ আইয়ুব মিয়া।
বৃহস্পতিবার দাতা সংস্থা ও দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সচিব জানান, গত ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় আঘাত হানার পর এটি ছিল দাতা গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সরকারের দ্বিতীয় বৈঠক। বিভিন্ন দেশ ও দাতা সংস্থার ৪২ জন প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন।
আইয়ুব মিয়া সাংবাদিকদের বলেন, "গত রোববার অনুষ্ঠিত প্রথম বৈঠক পর্যন্ত দাতা দেশ ও সংস্থাগুলোর পক্ষ থেকে ১৪ কোটি ডলার সাহায্যের আশ্বাস পাওয়া গিয়েছিল। আজকের বৈঠক পর্যন্ত সাহায্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২০ কোটি ডলার। আগামী রোববার আমরা আবার বসবো। আশা করছি সাহায্যের পরিমাণ আরো বাড়বে।"
সচিব জানান, জাপান সরকার পাঁচটি সুনির্দিষ্ট প্রকল্পের আওতায় ১ কোটি ডলার দেওয়ার আশ্বাস দিয়েছে। ভারত এ পর্যন্ত ২ কোটি ২০ লাখ ডলার দেবে বলে জানিয়েছে। এর মধ্যে ৪০ হাজার টন চাল ও ১০ হাজার টন গম রয়েছে। ১০ হাজার টন চাল নিয়ে ভারতের একটি বিমান বৃহস্পতিবারই ঢাকা পৌঁছানোর কথা। এছাড়া ত্রাণ সাহায্য হিসেবে ভারত এক হাজার টন গুঁড়ো দুধ, ১০ হাজার কম্বল, বিভিন্ন ধরনের ওষুধ ও ২০০ তাঁবু দেবে বলে জানিয়েছে।
বৈঠকে ডেনমার্কের পক্ষ থেকে ৫০ লাখ ইউরোর আশ্বাস পাওয়া গেছে। ইউএসএইড জানিয়েছে, তারা সাহায্যের পরিমাণ আরো বাড়াবে। ইতালির পাঠানো ১০ থেকে ১২ লাখ ইউরো মূল্যমানের ত্রাণ নিয়ে বৃহস্পতি বা শুক্রবার একটি বিমান বাংলাদেশে আসবে।
ইউরোপীয় কমিশন আপাতত পাঁচ লাখ ইউরো দেবে। তাদের সাহায্যের পরিমাণ ২ কোটি ইউরো পর্যন্ত বাড়ানো হতে পারে। কানাডীয় দাতা সংস্থা সিডা দেবে ৩০ লাখ কানাডীয় ডলার। এছাড়া অস্ট্রেলীয় সংস্থা সেভ দ্য চিলড্রেন তাদের ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে বলে সচিব জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএ/১৫৩১ঘ.
bdnews24