বরিশাল, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বুধবার দক্ষিণাঞ্চলের কয়েকটি উপদ্রুত এলাকা পরিদর্শন শেষে ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ঢাকায় ফেরার পথে বরিশালে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ডিপ্লোমেটিক কোরের (বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের সংগঠন) ডিন ও তুরস্কের রাষ্ট্রদূত এইচ ই ফারলেট এরগেইন বলেন, বাংলাদেশকে এই দুর্যোগে সব ধরনের সহযোগিতা করতে বহির্বিশ্ব প্রস্তুত।
প্রতিনিধি দলটিতে ছিলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার মোট ২২ জন প্রতিনিধি। তারা বাগেরহাটের শরণখোলা ও বরগুনার পাথরঘাটার বিভিন্ন ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা ঘুরে বরিশাল আসেন।
প্রতিনিধি দলের পক্ষে এরগেইন বলেন, এখন ঘুর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরুপণ করতে হবে। তাহলে বিদেশি সংস্থাগুলো তাদের ত্রাণ কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে।
বরগুনার পাথরঘাটা এবং বাগেরহাটের শরনখোলার দুর্যোগের বর্ণনা দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
সংবাদ সম্মেলনের শুরুতেই ব্রিগেডিয়ার জেনারেল রশিদুজ্জামান ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র তুলে ধরেন। আগামীতে এ ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য উপকূলীয় এলাকায় আরও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র দরকার বলেও তিনি প্রতিনিধিদের জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২১২০ ঘ.
bdnews24