২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ায় সবাই সচেষ্ট হোন: রাষ্ট্র্রপতি

দেশের স্বাধীনতাকে অর্থবহ করতে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। একইসঙ্গে তিনি মুক্তিযুদ্ধের লালিত স্বপ্ন বাস্তবায়নে যার যার অবস্থান থেকে ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখারও আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 08:35 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের স্বাধীনতাকে অর্থবহ করতে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। একইসঙ্গে তিনি মুক্তিযুদ্ধের লালিত স্বপ্ন বাস্তবায়নে যার যার অবস্থান থেকে ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখারও আহ্বান জানান। বুধবার সশস্ত্র বাহিনী দিবস ২০০৭ উপলক্ষে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী ও অন্যান্য খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব বলেন। রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধকে সর্বশ্রেষ্ঠ ঘটনা উল্লেখ করে বলেন, "আপনারা জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। সরকার আপনাদের কল্যাণের বিষয় সব সময়ই অগ্রাধিকার দিয়ে থাকে।" ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "ইতোমধ্যেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মওকুফ করা হয়েছে; পৌর এলাকায় বসবাসরতদের জন্য এক বার্নার গ্যাসের চুলা ও পানির বিল মওকুফের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।" এ ছাড়া খেতাপ্রাপ্তদের রাষ্ট্রীয় পর্যায়ে পরিচয়পত্র প্রদান এবং পৌরসভার এক হাজার বর্গফুট পর্যন্ত তাঁদের নিজস্ব বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানে যুক্তিযোদ্ধাদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা সংরক্ষণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।" সরকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান-এর দেহাবশেষ ভারত থেকে দেশে আনার উদ্যোগ নিয়েছে তুলে ধরে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, "ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার কমলপুরের আমবাশা এলাকায় ইতোমধ্যেই তার কবর চিহ্নিত করা হয়েছে।" আগামী মাসের মধ্যেই বীরশ্রেষ্ঠের দেহাবশেষ দেশে এনে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ২০০৬ সালের ২৪ জুন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান-এর দেহাবশেষ পাকিস্তান থেকে দেশে এনে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। রাষ্ট্রপতি বলেন, "এ বছর ১লা জুলাই হতে বীর শ্রেষ্ঠদের উত্তরাধিকারী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং বীর প্রতীক তারামন বিবিকে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সম্মানী ভাতা ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা খাতে চলতি অর্থ বছরে ৪০ লক্ষ টাকা অনুদান হিসেবে বরাদ্দ করা হয়েছে।" ঢাকার শ্যামলীতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিশ্রামাগারের উন্নয়ন চলতি অর্থ বছরে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং বর্তমান অর্থ বছরের এডিপিতে এধরনের আরো কয়েকটি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান রাষ্ট্রপতি। এসব প্রকল্পের মধ্যে রয়েছে, মুক্তিযোদ্ধাদের কল্যাণে ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত হাসপাতালের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল নির্মাণ; রায়ের বাজার বধ্যবূমির আরো উন্নয়ন এবং দেশের অন্যান্য বধ্যভূমির সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ; শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন; সম্মুখ সময়ের স্থানসমূহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ; সকল জেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবন নির্মাণ ইত্যাদি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এএল/এমএ/১৪২৬ঘ.