২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৬

নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার মহিষবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ ছয় জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 07:53 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

নরসিংদী, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার মহিষবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ ছয় জন নিহত হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে শিবপুরের বরইতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান। দুর্ঘটনায় চারটি মহিষও মারা যায় বলে তিনি জানান। ওসি জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী মহিষবাহী ট্রাকটির সঙ্গে নরসিংদীর ভেলানগরগামী যাত্রীবোঝাই পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষের পর দুটি গাড়িই উল্টে রাস্তার পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় পিকআপ আরোহী রুপা (২৫), শাহনাজ বেগম (২২), জাকির হোসেন (৩০), ইকবাল হোসেন (২৫) ঘটনাস্থলেই মারা যায়। নরসিংদী হাসপাতালে নেয়ার পর মারা যায় সাহিদা বেগম (২৩) ও রজব আলী (৪৮)। দুর্ঘটনায় আরো ২১ জন আহত হয় বলে পুলিশ জানায়। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের অধিকাংশই থার্মেক্স গ্র"পের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক বলে স্থানীয়রা জানান। তারা পিকআপ ভ্যানটিতে চড়ে কর্মস্থলে যাচ্ছিল। ওই রাস্তায় পিকআপ ভ্যানগুলো অবৈধভাবে যাত্রী আনা নেয়া করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ। ওসি মান্নান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গাড়ি দুটি আটক করা হয়েছে। তবে দুই চালকই পলাতক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৯ ঘ.