শেরপুর, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফৌজদারী কার্যবিধি সংশোধনের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে তা চ্যালেঞ্জ করে মঙ্গলবার শেরপুরে একটি মামলা হয়েছে। এ ছাড়া শেরপুর কালেক্টরেট ভবনে অবস্থিত ইতোপূর্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্যবহৃত এজলাস ও খাস কামরা বিচারিক হাকিমদের বরাবর বুঝিয়ে দেওয়ার জন্য আদেশও চাওয়া হয়েছে এই মামলায়।
শেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডু, সহ-সভাপতি হরিদাস সাহা ও সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাদী হয়ে সদর জ্যেষ্ঠ সহকারী জজ মাহমুদুল করিমের আদালতে এ মামলা করেছেন।
মামলায় সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, শেরপুরের জেলা প্রশাসক সামছুন্নাহার বেগম, জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং নেজারত ডেপুটি কালেক্টরকে (এনডিসি) বিবাদী করা হয়েছে।
শুনানি শেষে আদালত এজলাস ও খাস কামরা কেন বুঝিয়ে দেওয়ার আদেশ প্রদান করা হবে না তিনদিনের মধ্যে তার কারণ ব্যাখ্যা করার জন্য ৭ বিবাদীকে নির্দেশ দিয়েছে।
বাদীপক্ষে শুনানিতে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল ইসলামসহ বেশ কয়েকজন আইনজীবী।
মামলার আরজিতে বাদীরা মাজদার হোসেন মামলায় সুপ্রিমকোর্ট প্রদত্ত আদেশের পরিপন্থিভাবে ফৌজদারী কার্যবিধি আইনের কতিপয় ধারা সংশোধন বেআইনি ঘোষণা করে ডিক্রি প্রদানের দাবি জানান। এছাড়া শেরপুর জেলা কালেক্টরেট ভবনে অবস্থিত সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অপরাপর ম্যাজিস্ট্রেটদের ব্যবহৃত এজলাস ও খাস কামরা বিচারিক হাকিমের বরাবর বুঝিয়ে দেওয়ার আদেশে চেয়েছেন।
আরজিতে আরও বলা হয়, বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হওয়ার পর শেরপুর জেলার বিচারিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্দেশ্যে অন্যান্য বিবাদিদের যোগসাজশে জেলা প্রশাসক তার কার্যালয় ভবনের নিচতলায় অবস্থিত ৫টি এজলাস প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেটের অধীনে হস্তান্তর করেননি।
আরজিতে বলা হয়, এ ব্যাপারে গত ১৫ নভেম্বর বাদীরা জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকসহ (সার্বিক) কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে এক পরামর্শ সভা করেন। ওই সভায় ২নং বিবাদী জেলা প্রশাসককে তার কার্যালয়ের ৪টি এজলাস প্রধান বিচারিক হাকিমের অধীনে হস্তান্তর করার অনুরোধ জানালে বিবাদীরা তা করতে অস্বীকার করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24