২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোরো ও ইরি মৌসুমে সেচ কাজে বিদ্যুৎ চাহিদা ১৩৫০ মেগাওয়াট

আগামী বোরো ও ইরি মৌসুমে কৃষি জমিতে সেচের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এক হাজার ৩৫০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার কথা জানিয়েছে। তবে বিদ্যুৎ বিভাগ এক হাজার ৭৮ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুত দেওয়ার আশ্বাস দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 04:33 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী বোরো ও ইরি মৌসুমে কৃষি জমিতে সেচের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এক হাজার ৩৫০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার কথা জানিয়েছে। তবে বিদ্যুৎ বিভাগ এক হাজার ৭৮ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুত দেওয়ার আশ্বাস দিয়েছে। মঙ্গলবার সচিবালয়ে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সভাকক্ষে আগামী মৌসুমে কৃষি জমিতে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ আশ্বাস দেওয়া হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তপন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিদ্যুৎ সচিব ড. ফাওজুল কবির খান, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ মহসীন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান শওকত আলী, পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ, বিপিসি'র প্রধান আনোয়ারুল কবীর, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিসান আরা, পাওয়ার সেলের মহাপরিচালক, বিএডিসি ও বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে তপন চৌধুরী সাংবাদিকদের জানান, বন্যা ও ঘুর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় সরকার আগামী মৌসুমে কৃষি উৎপাদনকে প্রাধান্য দিচ্ছে। তাই ওই মৌসুমে কৃষি জমিতে সেচের জন্য বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয়ে সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করা হয়েছে। সভায় কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত সংস্থাগুলোর কাছে তাদের বিদ্যুতের চাহিদার বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি বলেন, ফার্ণেস অয়েলের মাধ্যমে পরিচালিত কয়েকটি কেন্দ্রের জন্য ফার্ণেস অয়েল আনার ব্যাপারেও সভায় আলোচনা করা হয়েছে। কিন্তু বর্তমানে বিপিসি'র কোন তহবিল না থাকায় তাদের অগ্রীম অর্থ দিতে পিডিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বড়পুকুরিয়ায় কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে বন্ধ থাকা একটি ইউনিট চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ওই কেন্দ্রটি চালু করতে প্রয়োজনে ভারত বা অন্য দেশ থেকে কয়লা আমদানি করতে বলা হয়েছে বলে জানান উপদেষ্টা। সভায় উপস্থিত মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী জানুয়ারি মাস থেকে ইরি ও বোরো মৌসুম শুরু হবে। ওই সময় দেশে বিদ্যুতের স্বাভাবিক চাহিদা থাকবে চার হাজার ৭৮ মেগাওয়াট। ফেব্র"য়ারিতে চার হাজার ২৪০, মার্চে চার হাজার ৫৯০ ও এপ্রিল মাসে বিদ্যুতের চাহিদা থাকবে চার হাজার ৪০০ মেগাওয়াট। ওই সময় স্বাভাবিকভাবেই বিদ্যুতের ঘাটতি থাকবে প্রায় ৬০০ মেগাওয়াট। যা গ্রীষ্ম মৌসুমে এক হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বাড়তে পারে। ফলে ওই সময়ে দেশে বিদ্যুতের লো-ভোল্টেজ সমস্যা দেখা দেবে। যা সেচযন্ত্র বিকল করে দিতে পারে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ওই সময়ে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ থাকা একটি ইউনিট সচল রেখে চাহিদা পূরণের চেষ্টা করা হবে। তিনি বলেন, বড়পুকুরিয়ায় কয়লা খনিতে প্রতিদিন এক হাজার ৫০০ মেট্রিক টন কয়লা উৎপাদন ক্ষমতা থাকলেও বর্তমানে উন্নয়ন কাজের জন্য বড়পুকুরিয়ায় বর্তমানে প্রতিদিন ৪০০ মেট্রিক টন কয়লার উৎপাদন হচ্ছে। বড়পুকুরিয়ার বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট চালু রাখতে প্রতিদিন প্রায় চার হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হলেও বর্তমানে মজুদ রয়েছে মাত্র ৯০ হাজার মেট্রিক টন। যা দিয়ে একটি মাত্র ইউনিট ৪৫ দিন চালু রাখা সম্ভব। এ অবস্থায় কেন্দ্রটির দুটি ইউনিট চালু রাখতে প্রয়োজনে কয়লা আমদানির পরামর্শ দেওয়া হয়েছে। শপিং মলসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাত আটটার পর বন্ধ থাকা বাধ্যতামূলক করা হবে। সেচ কাজে রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করারও পরামর্শ দেয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএ/২২০০ঘ.