২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট গুলশান সেন্টারে গ্রেনেড মামলায় মুফতি হান্নান রিমান্ডে

নগরীর তালতলার গুলশান সেন্টারে গ্রেনেড হামলার মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও তার ভাই মফিজুর রহমান অভিকে তিন দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 02:13 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

সিলেট, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর তালতলার গুলশান সেন্টারে গ্রেনেড হামলার মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও তার ভাই মফিজুর রহমান অভিকে তিন দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত। সিলেটের প্রধান বিচারিক হাকিম আদালতের হাকিম রফিকুল আলমের আদালতে মঙ্গলবার মুফতি হান্নান ও অভিকে হাজির করে রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জুবায়ের আহমদ। তখন বিচারক সে আবেদন মঞ্জুর করেন। ২০০৪ সালের ৭ আগস্ট শহরের তালতলার গুলশান সেন্টারে মহানগর আওয়ামী লীগের বৈঠক চলাকালে গ্রেনেড হামলায় মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইব্রাহিম আলী নিহত এবং ২০ জনের মতো আহত হন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করে। এরপর ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে হরকাতুল জিহাদ সদস্য শরীফ শাহেদুল আলম বিপুল ও দেলোয়ার হোসেন রিপন ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ওই সময় তারা জানায়, গুলশান সেন্টারে গ্রেনেড হামলাও হরকাতুল জিহাদই চালিয়েছিল এবং তাতে মুফতি হান্নান ও অভি জড়িত ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা জুবায়ের আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার তিনি মুফতি হান্নান ও অভিকে জিজ্ঞাসাবাদ শুরু করবেন। এখন নতুন করে এ মামলার তদন্ত শুরু করেছেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০০৭ ঘ.