পটুয়াখালী/বরিশাল, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। একইসঙ্গে এ দুর্যোগ মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
সেনাপ্রধান মঙ্গলবার পটুয়াখালীর গলাচিপা উপজেলার দুর্গম এলাকা চর লতায় ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এর পর তিনি বরিশাল সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে চড়ে পটুয়াখালী জেলা শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে চর লতা আশ্রয়ণ প্রকল্পের উঁচু ভিটিতে অবতরণ করেন জেনারেল মইন উ আহমেদ।
ত্রাণ বিতরণ শেষে দুর্গতদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, "আপনারা মনোবল হারাবেন না। ক্ষতিগ্রস্তদের জন্য সব ব্যবস্থা করা হচ্ছে। আমরা প্রথমে খাদ্য ও চিকিৎসার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। পর্যায়ক্রমে বাসস্থানসহ অন্য সব বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।"
ওই সময় ক্ষতিগ্রস্তরা ওই এলাকায় বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানালে সেনাপ্রধান এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, "আপনাদের যা যা প্রয়োজন তা সেনা ক্যাম্পে জানাবেন। আমরা তা সরকারকে জানিয়ে দেব।"
ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা এগিয়ে আসছে বলেও উল্লেখ করেন সেনাপ্রধান।
ত্রাণ বিতরণ শেষে দুপুর পৌনে একটার দিকে সেনাপ্রধানের হেলিকপ্টারটি চর লতা ত্যাগ করে।
বিকালে সেনাপ্রধান বরিশাল সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় করেন।
জেনারেল মইন উ আহমেদ দল-মত নির্বিশেষে সবাইকে ত্রাণ তৎপরতায় এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, "দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে। শুধু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় কিছু কিছু জায়গায় ত্রাণ পৌঁছতে দেরি হচ্ছে। তবে ত্রাণ তৎপরতা জোরদার করা হচ্ছে।"
পরিকল্পিতভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ত্রাণদাতাদের প্রশাসনের সঙ্গে সমন্বয় করার পরামর্শ দিয়ে মইন উ আহমেদ বলেন, "ক্ষতিগ্রস্ত সব এলাকায় ত্রাণ পৌঁছতে হবে, কোনো এলাকা যেন বাদ না পড়ে।"
ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্বাসনে জোর দিয়ে সেনাপ্রধান বলেন, "সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সাইক্লোন শেল্টার নির্মাণের জন্য এখনই স্থান নির্ধারণ করতে হবে।"
আগামী বছরের শুরুর দিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় বহুমুখী আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য সরকারকে তিনি অনুরোধ জানাবেন বলে জেনারেল মইন উ আহমেদ জানান।
সভায় বিভাগীয় কমিশনার মুহম্মদ হারুন চৌধুরী জানান, বরিশাল বিভাগের শতকরা ৮০ ভাগ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ এখনো বন্ধ রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৯ ঘ.
bdnews24