ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লাশের সংখ্যা বাড়ছেই। সরকারি হিসাবে রোববার রাত ১২টা পর্যন্ত মৃতের সংখ্যা ২ হাজার ৩০০। তবে রেড ক্রিসেন্ট আশঙ্কা করছে, এ সংখ্যা ১০ হাজার ছুঁতে পারে। লণ্ডভণ্ড দক্ষিণে লাখ লাখ মানুষ অপেক্ষায় আছে ত্রাণ আর সুপেয় পানির। ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর সুন্দরবন এলাকার সাড়ে ৪০০ বনকর্মীর কোনো খোঁজ পাওয়া যায়নি। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় দক্ষিণাঞ্চলের অনেক এলাকাই অন্ধকারে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা রোববার রাত ১২টায় জানান, ওই সময় পর্যন্ত তারা ২ হাজার ৩০০ জনের মৃত্যুর খবর পেয়েছেন। তবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির হিসাবে এই সংখ্যা প্রায় পৌনে তিন হাজার। রোববার এক সংবাদ সম্মেলনে সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব আশঙ্কা প্রকাশ করেছেন, মৃতের সংখ্যা ১০ হাজারে পৌঁছাতে পারে।
এদিকে রোববার সকাল পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে ক্ষয়ক্ষতির একটি তালিকা করেছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ওই তালিকা অনুযায়ী, সারা দেশের ১২২টি উপজেলার ৮৭৭টি ইউনিয়ন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় ৮ লাখ ৮২ হাজার ৩৯১টি পরিবারের ৩১ লাখ ২২ হাজার ৭৪৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্গত এলাকাগুলোতে ১৮ হাজার ১২২ একর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আংশিক ক্ষতি হয়েছে ৭ লাখ ৪ হাজার ৭৬৮ একর জমির ফসলের। ২ লাখ ৭৩ হাজার ২৩৩টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আংশিক ক্ষতি হয়েছে ৬ লাখ ৭ হাজার ৩১১টির। ২ লাখ ৪২ হাজার ৩৫০টি গরু, ছাগল ও হাঁস, মুরগি মারা গেছে। ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ এবং ৪ হাজার ২৬টির আংশিক ক্ষতি হয়েছে। ৫৮ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩৬৩ কিলোমিটার রাস্তা। ৩৯ কিলোমিটার বাঁধ ভেঙ্গে গেছে। এছাড়া ৩৪ লাখ ৫ হাজার ১৯টি বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে বা ভেঙে গেছে।
সিডর আঘাত হানার পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও সুন্দরবন এলাকায় কর্মরত প্রায় সাড়ে ৪০০ বনকর্মীর কোনো খোঁজ পাওয়া যায়নি। অসংখ্য জেলে এখনও নিখোঁজ।
বন কর্মকর্তারা জানান, দুবলা জেলেপল্লীর পাঁচটি আশ্রয় কেন্দ্রে ঝড়ের আগে মাত্র পাঁচ হাজার মানুষ ঠাঁই নিতে পেরেছিলো। অন্যরা নৌকা ও ট্রলার নিয়ে আশ্রয় নিয়েছিল বনের ফাঁকে আর বিভিন্ন খালে। বনের ৩৯টি ক্যাম্পে ছড়িয়ে ছিটিয়ে দায়িত্ব পালন করছিলেন সাড়ে চারশ বনকর্মী। পাচক ও ট্রলার চালক হিসাবে তাদের সঙ্গে ছিলেন আরো শতাধিক শ্রমজীবী মানুষ।
রোববার সন্ধ্যা পর্যন্ত তাদের ব্যাপারে কোনো তথ্যই পায়নি জেলা বাগেরহাট প্রশাসন। তবে নৌবাহিনী ও উপকূল রক্ষীবাহিনী জানিয়েছে, গত দুই দিনে তারা ৩৭ জেলের লাশ উদ্ধার করেছে।
ঘূর্ণিঝড়ে বনভূমিরও ব্যাপক ক্ষক্ষতি হয়েছে। চাঁদপাই রেঞ্জের সহকারী বন কর্মকর্তা এস এম শোয়াইব খান জানান, ঝড়ে পূর্ব বন বিভাগের শতকরা ৯৫ ভাগ স্টেশন ও ক্যাম্পের অবকাঠামো বিধ্বস্ত হয়ে গেছে। শুধু চাঁদপাই রেঞ্জে বনায়নের জন্য তৈরি অন্তত পাঁচ কোটি টাকার চারা গাছের ক্ষতি হয়েছে।
শুক্রবার দুই দফা গ্রিড বিপর্যয়ের পর রাজধানীসহ দেশের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। কিন্তু সরবরাহ লাইন ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের অনেক এলাকাই এখনো অন্ধকারে।
রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের জানান, ৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
ফাহিম মুনয়েম বলেন, "মাঠ পর্যায়ে বিদ্যুৎ চালু করার কাজ চলছে। রোববার বিদ্যুতের চাহিদা ছিল ৩ হাজার ৩৫০ মেগাওয়াট। সেখানে উৎপাদন হয়েছে ৩ হাজার ২১৯ মেগাওয়াট। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।"
ফাহিম মুনয়েম জানান, ঘুর্ণিঝড়-কবলিত জেলাগুলোর অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ এখনও চালু করা যায়নি। তবে ক্ষতিগ্রস্ত ১৮টি ফেরির মধ্যে ৬টি সচল হয়েছে। বাকিগুলোর মেরামত কাজ চলছে। বরগুনা, আমতলি, দুবলার চর, কলাপাড়া, মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও কাঁঠালিয়ায় টেলিযোগাযোগ ব্যবস্থা আবার চালু করতে স্যাটেলাইট ফোন স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে যৌথবাহিনীর সদস্যরা ঝড়ে ভেঙে পড়া গাছ সরিয়ে নেওয়ার পর অনেক দুর্গত এলাকাতেই ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন, দুর্গতদের জন্য এ পর্যন্ত ৪ হাজার ৯২ টন চাল ও ১০ হাজার কম্বল দেওয়া হয়েছে। আরো ১৫ হাজার কম্বল কেনা হয়েছে।
রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ রোববার পটুয়াখালীর ঘূর্ণিঝড় দুর্গত কলাপাড়া উপজেলায় ত্রাণ বিতরণ করেছেন।
ঘুর্ণিদুর্গতদের জন্য আন্তর্জাতিক স
bdnews24