চট্টগ্রাম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ডাকাতির সময় এক দোকান কর্মচারীকে গুলি করে হত্যার দায়ে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রাম প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আখতার হোসেন রোববার এ দণ্ডাদেশ দেন। আদালত যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাভোগের নির্দেশ দেয়।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, আব্দুল আলিম, আব্দুল হালিম, হাবিবুর রহমান ও নন্দন দাশ বাবুল।
সরকার পক্ষের কৌঁসুলী (এপিপি) আশরাফ চৌধুরী রাজ্জাক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ১৪ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যের উপর ভিত্তি করে আদালত এ রায় দেয়। রায়ের সময় আসামি আলিম ও হাবিবুর আদালতে উপস্থিত ছিলেন। হালিম ও পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, নগরীর মির্জাপুল এলাকার বিসমিল্লাহ এ্যালুমিনিয়াম নামক একটি দোকানে ১৯৯৯ সালের ২২ ফেব্র"য়ারি দিনের বেলা একদল ডাকাত হানা দেয়। এ সময় বাধা দিলে ডাকাতদের গুলিতে দোকান কর্মচারী সম্ভূ সরকার নিহত হয়।
ওই ঘটনায় দোকান মালিক বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০০ সালের ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন এবং একই বছরের ৩০ অক্টোবর অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮৫৪ ঘ.
bdnews24