ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলায় ঢাকা-৪ আসনের বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের ছোট ছেলে তানভীর আহম্মেদের বিরুদ্ধে নির্ধারিত দিন রোববার রায় হয়নি। বিচারকের 'কাজের চাপ থাকায়' রায় দেওয়া সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।
রোববার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেনের আদালতে এ রায় দেওয়ার কথা ছিল।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল হক সাংবাদিকদের বলেন,"বিচারকের কাজের চাপ বেশি থাকায় তিনি রায় কমপ্লিট করতে পারেননি। কবে রায় দেওয়া হবে তা পরে জানানো হবে।"
রোববার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত এ আদালতে সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) শহিদুল্লাহ খানের বিরুদ্ধে মামলার বিচারকাজ চলে।
গত ৮ নভেম্বর যুক্তিতর্কের পর রায় দেওয়ার জন্য এ দিন ধার্য করা হয়েছিল।
১ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারি কর কমিশনার মো. মনিরুজ্জামান আয়কর রিটার্র্ন দাখিল না করা ও আয় গোপনের অভিযোগ এনে তানভীরের বিরুদ্ধে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত ওই দিনই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
মামলার আরজিতে বলা হয়, অভিযুক্ত তানভীর গত দুই করবর্ষে তার আয়কর রিটার্নে মোট ৩০ লাখ ২ হাজার ৪১১ টাকার আয় গোপন করেছেন এবং ২০০৬-২০০৭ করবর্ষে কোন রিটার্র্ন দাখিল করেননি।
আসামি তানভীর আহম্মেদ পলাতক রয়েছেন।
চলতি মাসের ৫ তারিখে কর ফাঁকির দায়ে পৃথক দুটি মামলায় তানভির আহম্মেদের মা মোসাম্মৎ সামসুন্নাহার ও ভাই ইমরান আহম্মেদকে ৮ বছর করে কারাদণ্ড দেয় আদালত। তারাও পলাতক রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৮১৮ঘ.
bdnews24