ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ছবিসহ ভোটার তালিকা প্রস্তুতি ও স্বচ্ছ ব্যালট বাক্স নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর একটি প্রতিনিধি দল আলোচনা করেছে।
রোববার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে এটিএম শামসুল হুদার সঙ্গে ইইউ'র ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে।
সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলের প্রধান রবার্ট ইভানস সাংবাদিকদের বলেন, "অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ছবিসহ ভোটার তালিকা প্রস্তুতি ও স্বচ্ছ ব্যালট বাক্স নিয়ে সিইসির সঙ্গে আলোচনা করেছি।"
স্থানীয় ও সংসদ নির্বাচনের আগেই জরুরি অবস্থা প্রত্যাহার করে নেয়া উচিত বলেও মত দেন রবার্ট ইভানস। তিনি বলেন, তাহলে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচার-প্রচারণা, মিছিল ও সভা করতে পারবে।
তিনি বলেন, কোন সময়ে জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে তার একটা সময়সূচী ঘোষণা করলে ভাল হয়।
তিনি নির্বাচন কমিশনের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/জিএনএ/১২৩০ ঘ.
bdnews24