ঢাকা, নবেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিদ্যুৎ বিপর্যয়ের কারণে রাজধানীর সবগুলো সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। জরুরি ও জটিল অস্ত্রোপচারে চিকিৎসকদের চরম ঝুঁকি নিতে হয়েছে। বিদ্যুৎ চালিত জীবন রক্ষাকারী যন্ত্রগুলোর সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে অনেক রোগীকে।
নগরীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতাল (বারডেম), পঙ্গু হাসপাতালসহ বেসরকারি হাসপাতালগুলোতে জেনারেটর ব্যবহার করে রোগীদের জরুরি অস্ত্রোপচার করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহজাহান বিশ্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি খুবই জটিল, হাসপাতালগুলোতে জেনারেটরের মাধ্যমে জরুরি রোগীদের অস্ত্রোপচার করা হচ্ছে।
তিনি বলেন, "আমি ইতোমধ্যেই বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ রেখেছি অস্ত্রোপচারের ক্ষেত্রে যেন ঝুঁকি নেওয়া না হয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোগীদের জন্য এ্যাম্বুলেন্স এবং অতিরিক্ত চিকিৎসক প্রস্তুত রাখা হয়েছে।"
এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার জরুরিভাবে ৯জনের অস্ত্রোপচার করা হয়েছে। এ অস্ত্রোপচার হয়েছে জেনারেটর এর মাধ্যমে। স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ না থাকায় রোগীরা অস্বস্তি ও চরম দুর্ভোগের মধ্যে পড়েছিল। বিশেষ করে পানি না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। তবে ওয়াসা কর্তৃপক্ষ শুক্রবার দুইদফায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বেশ কয়েকটি সরকারি হাসপাতালে গাড়ি দিয়ে পানি সরবরাহের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না মিটফোর্ড হাসপাতালে । লেবার ওয়ার্ডে ছোট একটি জেনারেটর দিয়ে কয়েকটি অস্ত্রোপচার হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এনএইচ/জিএমএ/এমএসবি/এমএ/২১২৩ঘ.
bdnews24