ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বৃহস্পতিবার রাতের ভয়াবহ ঘূর্ণিঝড়ে জাতীয় বিদ্যুৎ সরবরাহ লাইনে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার পর দ্বিতীয় দফায় বিপর্যয় ঘটেছে। এর ফলে রাজধানীসহ সারাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। (আরও তথ্যসহ)
শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আলী এক সংবাদ ব্রিফিং বলেন, "বিদ্যুৎ সরবরাহ সচল করতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।"
তিনি জানান, বৃহস্পতিবার রাতে ঝড়ের সময় বিদ্যুৎ বিপর্যয় ঘটে। শুক্রবার সকাল ৮ টা নাগাদ প্রথম দফায় জাতীয় বিদ্যুৎ সরবরাহ লাইনে বিপর্যয় ঘটে। দুপুর নাগাদ তা চালু হলেও সন্ধ্যায় আবারও বিপর্যস্ত হয়। যান্ত্রিক ত্র"টির কারণে দ্বিতীয় দফায় বিদ্যুৎ বিপর্যয় হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কখন পরিস্থিতির উন্নতি হবে, তা জানতে চাইলে শওকত আলী বলেন, "তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
পিডিবি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "ঘূর্ণিঝড় কবলিত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে আজ (শুক্রবার) সকালে বিদ্যুত চাহিদা (৪৪০ মে. ও.) অত্যন্ত কমে গেলে যান্ত্রিক কারণে পর্যায়ক্রমে চালু থাকা সব কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। ঝড়ের কারণে বরিশাল - ভাণ্ডারিয়া, বরিশাল - মাদারীপুর, বাগেরহাট - মংলা, মাদারীপুর - গোপালগঞ্জ, ফরিদপুর - মাদারীপুর, বরিশাল - মাদারীপুর লাইনসমূহসহ বেশ কয়েকটি সঞ্চালন লাইন বসে (ট্রিপ করে) যায়। সঞ্চালন লাইন ছাড়া পশ্চিমাঞ্চলের বিপুল পরিমাণ বিতরণ লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে এ সব এলাকায় এখনো বিদ্যুত সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।"
প্রথম দফায় বিদ্যুত সঞ্চালন চালু করার উদ্যোগের কথা জানিয়ে তিনি আরও বলেন, "পরে ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র চালু করার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। বেলা ৩ টা নাগাদ নয়টি বিদ্যুৎ কেন্দ্রে ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ঢাকায় সকাল সোয়া ১১ টায় বেশ কয়েকটি এলাকায় বিদ্যুত সরবরাহ সম্ভব হয়। কিন্তু এর মধ্যেই সন্ধ্যায় আবার দ্বিতীয় বারের মতো বিপর্যয় ঘটে।"
ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষর (ডেসা) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল নজরুল হাসান খান ও পাওয়ার গ্রিড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক এবিএম হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/পিসি/এমএসবি/এমএ/২০৫৩ ঘ.
bdnews24