২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘদিন পর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আ. লীগ নেতা সাঈদ খোকন

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন দীর্ঘদিন পর শুক্রবার কর্মী-সমর্থকদের নিয়ে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন। ১১ জানুয়ারি পর তিনি এই প্রথম দলীয় কার্যালয় আসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2007, 02:29 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন দীর্ঘদিন পর শুক্রবার কর্মী-সমর্থকদের নিয়ে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন। ১১ জানুয়ারি পর তিনি এই প্রথম দলীয় কার্যালয় আসেন। আওয়ামী লীগের সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ১১ জানুয়ারি পর ফেরদৌস আহমদ কোরেশীর নতুন দল প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টিতে যোগ দিচ্ছেন বলে পত্রপত্রিকায় খবর বের হয়। দলীয় কার্যালয়ে আসার পর সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, "দু একজনের সঙ্গে অভিমান করেই আমি দূরে সরে ছিলাম। দলের নেতৃত্ব নিয়ে আমি কখনোই কোনো কথা বলিনি। শেখ হাসিনা এখন কারা অন্তরীণ। এখন মান-অভিমান ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দল যে সিদ্ধান্ত নেবে সেভাবেই এগিয়ে যাবো।" তিনি বলেন,"আমি দলে ছিলাম, এখনও আছি। সবার সঙ্গে কথা বলেই আমি আজ (শুক্রবার) কেন্দ্রীয় কার্যালয়ে এসেছি।" মেয়র নির্বাচনকে সামনে রেখে ফিরে এসেছেন কিনা জানতে চাইলে সাঈদ খোকন বলেন,"নির্বাচন হবে কি হবে না তাও এখনো নিশ্চিত নয়। আমার দল নির্বাচনে অংশ নেবে কিনা তাও ঠিক হয়নি।" মেয়র নির্বাচনে প্রার্থী হবেন কিনা জানতে চাইলে তিনি জানান, এখনো তিনি কোনো সিদ্ধান্ত নেননি। সবার সঙ্গে আলোচনা করেই তিনি সিদ্ধান্ত নেবেন। তার সঙ্গে দলের কার্যালয়ে আসেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ওমর আলী। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ কেন্দ্রীয় কার্যালয়ে তাদের স্বাগত জানান। এম এ আজিজ সাংবাদিকদের বলেন,"সাঈদ খোকন ঘরে ফিরে এসেছে। তাকে বাধ্য করা হয়েছিল সে যেন অন্য জায়গায় চলে যায়। কিন্তু, সে সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে বলেই অন্য কোথাও যায়নি। এখন আমাদের দ্বিধা বিভক্ত হওয়ার সময় নেই। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএসবি/জিএনএ/এমএ/২০২৩ ঘ.