২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজিম কামরানের বিরুদ্ধে মামলার অভিযোগ মিথ্যা দাবি

ব্যবসায়ী নাজিম কামরান চৌধুরীসহ সাইনেজ, মেগাভিশন ও অ্যাডকম লিমিটেডের ৯ জনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগে বুধবার দায়ের হওয়া মামলার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন অ্যাডকম লিমিটেডের পরিচালক আবু রুশদ তারেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 04:15 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী নাজিম কামরান চৌধুরীসহ সাইনেজ, মেগাভিশন ও অ্যাডকম লিমিটেডের ৯ জনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগে বুধবার দায়ের হওয়া মামলার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন অ্যাডকম লিমিটেডের পরিচালক আবু রুশদ তারেক। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি মামলার অভিযোগগুলোকে মিথ্যা দাবি করেন। গুলশানের একটি বাড়ির মালিক অধ্যাপক ড. মাহবুব উল ইসলামের স্ত্রী ফারহানা ইসলাম গত বুধবার নাজিম কামরানসহ ৯ জনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন। এতে আসামিদের বিরুদ্ধে ফারহানা ইসলামের শ্লীলতাহানি ও তাকে মারধর করারও অভিযোগ আনা হয়। এর ব্যাখ্যায় আবু রুশদ তারেক বলেন, "সাইনেজ, মেগাভিশন ও অ্যাডকম গত পাঁচ বছর ধরে গুলশান- ২ এর ৪১ নম্বর সড়কের ৭/এ বাড়িটি ব্যবসা পরিচালনার জন্য ভাড়া নেয়। চলতি নভেম্বর মাসের অগ্রিমসহ নিয়মিতভাবে বাড়িটির ভাড়া পরিশোধ করা হয়েছে। নিয়মিত ভাড়া পরিশোধ করা এবং একই বাড়িতে অন্য ভাড়াটে থাকায় বাড়ি দখল প্রসঙ্গটি অবান্তর ও উদ্দেশ্যমূলক।" রুশদ তারেক আরও বলেন, "এরপরও বাড়ির মালিক আমাদের বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচারে লিপ্ত রয়েছেন। গত ২৫ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও দুরভিসন্ধিমূলক কিছু অভিযোগ আনেন। এ কারণে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আমরা গত ৩১ অক্টোবর উকিল নোটিশ দেই। কিন্তু উকিল নোটিশের জবাব না দিয়ে বাড়ির মালিকপক্ষ আমাদের বিরুদ্ধে তথাকথিত বাড়ি দখল, মারধর ও শ্লীলতাহানির মতো কুরুচিপূর্ণ, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত ইস্যু তৈরি করে গত বুধবার একটি মামলা করেন।" যথাযথ তদন্তে এসব অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে বলে দাবি করেন রুশদ তারেক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএ/২১৪৫ ঘ.