ঢাকা,নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারতের তিন শিল্পীর বাংলাদেশ ভ্রমণ নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় বৃহস্পতিবার বিমান বন্দর থেকেই তাদের ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
বিমান বন্দরের ইমিগ্রেশন বিভাগের সহকারি পুলিশ সুপার সেতারা বেগম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইন্ডিয়ান এয়ার লাইন্সের একটি বিমানে করে ভারতের তিন শিল্পী জেসিকা, শ্রেষ্ঠা ও আশিস বাংলাদেশে আসেন।
তিনি বলেন, "তারা ভ্রমণ ভিসা নিয়ে আসলেও তাদের কথাবার্তায় সন্দেহ হয়। তারা কখনো বলেন বাংলাদেশে অনুষ্ঠান করতে এসেছেন আবার কখনো বলেন ঘুরতে এসেছেন। আবার বলেন আমাদের নিতে বিমান বন্দরের বাইরে লোক অপেক্ষা করছেন। তাদের এইসব কথাবার্তায় সন্দেহ হওয়ায় বিমান বন্দর থেকেই তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।"
ইমিগ্রেশন বিভাগের একটি সূত্র জানায়, এই তিন শিল্পীকে সন্ধ্যায় একটি বিমানে করে ভারতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএআর/এমএ/২১১৮ ঘ.
bdnews24