ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের আর্থিক গোয়েন্দা ইউনিটের (ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা এফআইইউ) আন্তর্জাতিক সংগঠন এগমন্ড গ্র"পের সদস্য হতে চায় বাংলাদেশ। এজন্য শিগগিরই আবেদন করবে সরকার।
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে গঠিত টাস্কফোর্সের প্রধান বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে টাস্কফোর্সের প্রথম বৈঠক হয়।
সালেহউদ্দিন আহমেদ বলেন, "এগমন্ড গ্র"পের সদস্য হওয়ার পর পাচার করা অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তি করবে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (এফআইইউ)। চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট দেশের সঙ্গে অর্থ পাচার সংক্রান্ত যাবতীয় তথ্য আনুষ্ঠানিকভাবে আদান-প্রদান করা যাবে।"
তিনি আরও বলেন, "এগমন্ড গ্র"পের সদস্য হওয়ার পর মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স (এমএলএ) চুক্তির মাধ্যমে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের আইনি সহায়তা নেবে টাস্কফোর্স। এমএলএ চুক্তি হলে অর্থ পাচারকারীদের যাবতীয় তথ্য সংশ্লিষ্ট মামলা-মোকাদ্দমায় ব্যবহার করা যাবে। তার ভিত্তিতে অভিযোগ প্রস্তুত করা হবে।"
বর্তমানে ১০৬টি দেশ এগমন্ড গ্র"পের সদস্য।
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ জানিয়ে গভর্নর বলেন, "এ পর্যন্ত বিদেশে পাচার হওয়া ৮৫০ কোটি টাকা ফেরত আনা হয়েছে। ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে পাচার হওয়া সব অর্থ দেশে ফেরত আনা যাবে।"
বর্তমান মানি লন্ডারিং আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সালেহউদ্দিন আহমেদ।
বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে গত ২৪ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে একটি টাস্কফোর্স গঠন করে সরকার। এতে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, অর্থ ও আইন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা রয়েছেন।
বৃহস্পতিবারের বৈঠকে রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদসহ পররাষ্ট্র, স্বরাষ্ট্র, অর্থ ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএ/২০০০ঘ.
bdnews24