ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ ষষ্ঠবারের মতো পিছিয়েছে।
বুধবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়ার দিন নির্ধারিত ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মামুন ৫ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করেন।
এর আগে গত ২৯ জুলাই, ১৪ আগস্ট, ৩০ আগস্ট, ২৫ সেপ্টেম্বর ও ২৩ অক্টোবর এ মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য তারিখ ধার্য ছিল।
৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে ইউনিক গ্র"পের চেয়ারম্যান নূর আলী গত ১৩ জুন শেখ হাসিনার বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল ও তার স্ত্রী রূপা চৌধুরীকেও এ মামলার আসামি করা হয়।
গত ১৭ জুলাই মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনা হয়। ১৬ জুলাই শেখ হাসিনাকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর ২৯ জুলাই নূর আলীর মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএ/১৭৪৫ঘ.
bdnews24