বাগেরহাট, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কালোবাজারে সার বিক্রির অভিযোগে মঙ্গলবার সদর উপজেলার এক ডিলারের বিরুদ্ধে মামলা করেছে কৃষি বিভাগ। শেখ হারুন নামের এই ডিলার মেসার্স মুন্না ট্রেডার্সের মালিক।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবতাব উদ্দিন আহমেদ সদর থানায় মামলাটি করেন।
পুলিশ এখনও শেখ হারুনকে গ্রেপ্তার করতে পারেনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রামপাল উপজেলায় সারের ডিলার না থাকায় কৃষি বিভাগ সদরের মেসার্স মুন্না ট্রেডার্সের শেখ হারুনকে গত ২৮ আগষ্ট ৩৩০ মেট্রিক টন ইউরিয়া সার উত্তোলনের বরাদ্দপত্র দেয়। হারুন ওই সার উত্তোলন করে ৯৬ দশমিক ৫ মেট্রিক টন কালোবাজারে বিক্রি করে দেন। বিক্রি করা সারের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৭৯ হাজার টাকা।
তিনি বলেন, "কৃষি বিভাগের একটি দল গত ৫ সেপ্টেম্বর ওই ডিলারের সার গুদাম পরিদর্শনে গেলে বিষয়টি তাদের কাছে ধরা পড়ে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩৭ ঘ.
bdnews24