২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড মামলার চূড়ান্ত প্রতিবেদনে ভুল হলে শাস্তি পাবেন তদন্ত কর্মকর্তা

এসিড সংক্রান্ত মামলার চূড়ান্ত প্রতিবেদন সঠিক না হলে সংশ্লিষ্ট তদারককারী ও তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরীর সভাপতিত্বে জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 02:53 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এসিড সংক্রান্ত মামলার চূড়ান্ত প্রতিবেদন সঠিক না হলে সংশ্লিষ্ট তদারককারী ও তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরীর সভাপতিত্বে জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। উপদেষ্টা গীতিআরা আরা সাফিয়া চৌধুরী এসিড সংক্রান্ত মামলার তদন্ত দ্রুত ও দক্ষতার সঙ্গে শেষ করতে থানাগুলোকে সক্রিয় হতে বলেন। প্রয়োজনে তদন্ত কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা এবং এসিড সংক্রান্ত মামলার অগ্রগতির নিয়মিত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্যও তিনি পুলিশ সদর দপ্তরকে পরামর্শ দেন। সভায় জানানো হয়, ২০০২ সাল হতে ২০০৭ এর আগস্ট মাস পর্যন্ত এসিড সংক্রান্ত এক হাজার ৩৭৩টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৮০৮টি মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড, ৬৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০৭ জনকে অর্থদণ্ডসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। সভায় এসিডের অপব্যবহার রোধ ও নির্যাতিতদের পুনর্বাসন বিষয়ে খসড়া বিধিমালা এক মাসের মধ্যে চূড়ান্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, এসিডের অপব্যবহার রোধে লাইসেন্সপ্রাপ্ত ও লাইসেন্সবিহীন ব্যবহারকারীদের তালিকা এবং লাইসেন্স বাতিল করাদের তথ্য ১৫ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়। সভায় উপদেষ্টা বলেন, দেশে এসিড সন্ত্রাস কমলেও তা এখনও চলছে। এসিড মামলাগুলো তাড়াতাড়ি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের আন্তরিক হতে হবে। স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল করিম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এ হাই হাওলাদার, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী, এসিড সারভাইভার্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুনিরা রহমান এবং সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএনডি/২০৪৫ ঘ.