২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'' সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হওয়ার জন্য বিটিটিবি-ই দায়ী ''

বারবার সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হয়ে ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়ার জন্য বিটিটিবির অদক্ষতাকে দায়ী করেছেন সফটওয়্যার ব্যবসায়ী ও তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্টরা। ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা দাবি করেছেন, হরতালের কারণে প্রতিদিন যে পরিমাণ আর্থিক ক্ষতি হতো এতে তার চেয়েও বেশি ক্ষতি হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 02:36 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বারবার সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হয়ে ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়ার জন্য বিটিটিবির অদক্ষতাকে দায়ী করেছেন সফটওয়্যার ব্যবসায়ী ও তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্টরা। ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা দাবি করেছেন, হরতালের কারণে প্রতিদিন যে পরিমাণ আর্থিক ক্ষতি হতো এতে তার চেয়েও বেশি ক্ষতি হচ্ছে। সরকারের কাছে বিটিটিবির সাবমেরিন কেবলের বিকল্প ব্যবস্থা রাখার দাবি করেছেন তারা। (আরও তথ্যসহ) মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যৌথ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বলেন, "২০০৬ সালের মে মাসে সাবমেরিন কেবল স্থাপনের পর দেশে ইন্টারনেট সেবার মান উন্নত হবে এবং ব্যবসা-বাণিজ্য প্রসারে তা ইতিবাচক ভূমিকা রাখবে- এটাই আশা করেছিলাম। অথচ চালু হওয়ার পর থেকে ২৭ বার সাবমেরিন কেবলের কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। যার ফলে দেশের আইটি সেক্টর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়ছে আমাদের অর্থনীতির ওপর।" সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য বিটিটিবিকে দায়ী করে তিনি বলেন, তাদের অযোগ্যতা ও উদাসীনতার কারণেই বার বার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটছে। সরকারের কাছে সাবমেরিন কেবলের বিকল্প ব্যবস্থা রাখার দাবি জানান রফিকুল ইসলাম। বিকল্প আরেকটি অপটিক্যাল ফাইবার লাইন সরকারি বা বেসরকারি কোনও সংস্থার কাছে ভাড়া নিয়ে ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। এজন্য তিনি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশে (পিজিসিবি) এবং একটি বেসরকারি ল্যান্ডফোন কোম্পানির কেবল ব্যাবহারের কথা বলেছেন। তিনি বলেন, "আমরা শুনেছি বিটিটিবি একটি প্রকল্প হাতে নিয়ে নতুন অপটিক্যাল ফাইবার লাইন বসানোর পরিকল্পনা করছে। ব্যাকআপ না থাকলে তাদের পরিকল্পনা বাস্তবায়ন হতে হতে আমাদের ব্যাবসা লাটে উঠবে। ক্ষতি হয়ে যাবে হাজার হাজার কোটি টাকার।" বেসিস সভাপতি জানান, সাবমেরিন কেবল বিচ্ছিন্ন থাকলে একদিনেই তথ্য প্রযুক্তি খাতে আড়াই লাখ ডলার ক্ষতি হয়। তিনি বলেন, "অপটিকাল ফাইবারের বিকল্প মাধ্যম হিসেবে এতোদিন আমরা ভি-স্যাট (ভেরি স্মল এ্যাপারচার টার্মিনাল) প্রযুক্তি ব্যাবহার করে এসেছি। কিন্তু এই ভি-স্যাটের মাধ্যমে অবৈধভাবে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। এই অজুহাতে নতুন করে ভি-স্যাটের লাইসেন্স দেওয়া বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। যদিও বিকল্প হিসেবে ভি-স্যাট খুবই ব্যায়বহুল কিন্তু আমাদের তো একটা ব্যাবস্থা করতে হবে। যদি ভি-স্যাটকে ভিওআইপি পরিচালনার জন্য দায়ী করা হয় তাহলে তো সাবমেরিন কেবলের মাধ্যমেও ভিওআইপি পরিচালনা করা যায়।" রফিকুল ইসলাম বলেন, "আমরা এখানে এসেছি কারণ আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। সভা-সেমিনারে সরকারি কর্তারা তথ্য প্রযুক্তি খাতে রপ্তানি বাড়াবার কথা বলছেন। অথচ এ খাতের ন্যূনতম অবকাঠামোগত সুবিধা আমরা পাচ্ছি না। এর মৌলিক ক্ষেত্র ইন্টারনেট সংযোগই বারবার ভেঙে পড়ছে। আমরা সময়মতো সেবা দিতে পারছি না। ক্রেতারা আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে ভারতের বাজারে চলে যাচ্ছে। এমনিতে আমাদের এখানে ইন্টারনেট চার্জ ভারতের চেয়ে ২০ গুণ বেশি। তারপরও যদি এভাবে লাইন বারবার ভেঙে পড়ে তাহলে আমরা ব্যবসা করবো কীভাবে?" ইন্টারনেট সংযোগ নাশকতামূলকভাবে কেটে দেওয়া হচ্ছে কি না