নাটোর, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অস্ত্র দেখিয়ে পুকুরের মাছ, ক্ষেতের ফসল ও গাছপালা কেটে নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৫৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার অভিযোগপত্র দাখিল করা হয় বলে জানিয়েছেন নাটোর গোয়েন্দা পুলিশের (ওসি-ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা সোলায়মান হোসেন।
তিনি জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
নাটোর কোর্ট পুলিশের উপ-পরিদর্শক প্রকাশ চন্দ্র অভিযোগপত্র পাওয়ার কথা স্বীকার করে বলেন, "আজ (বুধবার) অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হবে।"
আড়াই লাখ টাকা মূল্যের মাছ, ধান ও গাছপালা কেটে নেয়ার অভিযোগ এনে নাটোর সদর উপজেলার রামশারকাজীপুর গ্রামের ফরহাদ আলী শাহ্ বাদি হয়ে গত ২১ এপ্রিল দুলুসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
নাটোর আমলি আদালতে দায়ের করা ওই মামলার এজাহারে বলা হয়, ২০০২ সালের ১৭ মে, ২০০৪ সালের ১০ ফেব্র"য়ারি ও ২০ অক্টোবর তৎকালীন ভূমি উপমন্ত্রী দুলুর নির্দেশে আড়াইশ সন্ত্রাসী তিন দফায় বাদির চারটি পুকুরের মাছ, ১১ বিঘা জমির ধান ও বিভিন্ন জাতের গাছপালা কেটে নিয়ে যায়।
আদালত মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেয়। তদন্ত শেষে এজাহারভূক্ত আসামি বাবলু ও হাফিজুলকে বাদ দিয়ে এবং আশরাফ আলী, ডাম্বেল, সোহেল, মোস্তাফিজুর রহমান ও দেওয়ান শাহীনকে আসামি করে মোট ৫৯ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করা হলো।
সাবেক উপমন্ত্রী দুলু বর্তমানে দুটি মামলায় ২০ বছরের সাজা ভোগ করছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৩ ঘ.
bdnews24