মারুফ মল্লিক
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - প্রতিবছর কতজন বাংলাদেশি নারী বিদেশে পাচার হচ্ছেন তার সুনির্দিষ্ট পরিসংখ্যান সরকারের হাতে নেই। নেদারল্যান্ড ভিত্তিক সংস্থা টিডিএইচ এর গবেষক মহিউদ্দিন আহমেদের হিসাবে, প্রতি বছর ১০ থেকে ২০ হাজার নারী ও শিশু ভারত, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে।
গৃহস্থালী কাজের নামে বিদেশে নিয়ে এসব নারীর একটি বড় অংশকে যৌনকর্মী হতে বাধ্য করা হচ্ছে। কেউবা কাজ পাচ্ছেন ড্যান্সবারে। আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে বিদেশ গিয়ে সেই স্বপ্ন তাদের সেখানেই বিকিয়ে আসতে হচ্ছে।
এরকমই এক তরুণীর নাম বিথী (আসল নাম নয়)। গৃহপরিচারিকার কাজ দেওয়ার কথা বলে চলতি বছরের ফেব্র"য়ারি মাসে তাকে লেবানন পাঠানো হয়। একটি রিক্রুটিং এজেন্সি তার বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেয়।
লেবাননে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে বিথীকে নিয়ে যাওয়া হয় একটি বাড়িতে। সেখানে এক প্রৌঢ়া তার দায়িত্ব নেন। কিন্তু রাতে ওই বাড়িরই একটি কক্ষে আটকে রেখে অজ্ঞান করে ধর্ষণ করা হয় বিথীকে। এভাবেই তাকে যৌনকর্মী হতে বাধ্য করা হয়। এরপর একবার তার মালিকানাও বদল হয়।
সৌভাগ্যক্রমে কয়েকমাস আগে এক খদ্দেরকে দিয়ে দেশে নিজের ভাইয়ের কাছে খবর পাঠাতে সক্ষম হন বিথী। ভাইয়ের অভিযোগের ভিত্তিতে দেশে রিক্রুটিং এজেন্সির লোকজন ও দালালকে গ্রেপ্তার করে পুলিশ। কিছুদিন পর রিক্ত-নিঃস্ব হয়ে দেশে ফেরেন বিথী।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির এক কর্মকতা জানান, ইদানিং এই কৌশলেই বিদেশে নারী পাচার চলছে। পাচারকারীদের কবল থেকে বেরিয়ে আসা প্রায় সবার অভিজ্ঞতা মোটামুটি এক। কিছুদিন আগে লেবাননে পাচারের পথে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ ধরনের ৩১ জনকে উদ্ধার করেছে সমিতি।
ওই কর্মকর্তা অভিযোগ করেন, বেশ কিছু রিক্রুটিং এজেন্সি এ ধরনের পাচারের সঙ্গে জড়িত। রাজধানীর ফকিরাপুল এলাকায় এরকম বেশ কয়েকটি এজেন্সি রয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব শেখ মো. আবদুর রউফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈধ ভিসা ও পাসপোর্টে অনেক মেয়েই বিদেশ যাচ্ছে। কালচারাল টিমের নামে যাচ্ছে, ব্যক্তিগতভাবে যাচ্ছে। সর্বশেষ গন্তব্য না জেনে এগুলোকে পাচার হিসেবে চিহ্নিত করা সম্ভব নয়।"
তবে বৈধ ও অবৈধ অভিবাসনের মাধ্যমে নারী পাচারের বিষয়টি স্বীকার করে তিনি জানান, সরকার এ নিয়ে কাজ করছে।
জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক মো.আবদুল মালেক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিক্ষিপ্তভাবে অনেক ঘটনাই হয়তো ঘটে। কিন্তু সবসময় আমাদের হাতে অভিযোগ আসে না। একটি অভিযোগ পাওয়া গিয়েছিল। এ নিয়ে মামলাও হয়েছে। তাকে দেশে ফেরত আনা হয়েছে। নতুন কোনও অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।"
জনশক্তি রপ্তানিকারকদের সমিতি বায়রার প্রশাসক আবু বকর মো. সিদ্দিক মোল্লা এ ব্যাপারে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেব।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাচারবিরোধী কর্মকাণ্ডের অগ্রগতি বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৪ সালের ১৫ জুন থেকে চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত পাচার হওয়া ৬৩৬ জন নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে। কিন্তু প্রতিবছর কতজন পাচার হচ্ছে সে সংক্রান্ত কোনো তথ্য সরকারের হাতে নেই।
ওই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত ৪ হাজার ১৭০ জনকে পাচার হওয়ার সময় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকেই উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৮৮৮ জনকে। এছাড়া সিলেট বিমানবন্দর থেকে ১২০ জন, চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৮৮ জন, বেনাপোল স্থল বন্দর থেকে ৪৮ জন এবং হিলি স্থল বন্দর থেকে ২৬ জনকে উদ্ধার করা হয়।
বিদেশ- ফেরত বেশ কিছু নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, পাচারকৃতদের বিভিন্ন ড্যান্সবারেও নিয়োজিত করা হয়। অনেক সময় আগে গিয়ে যারা এ পেশায় জড়িত হয়েছে তারাই নতুনদের নিয়ে যায়। টুরিস্ট বা হাউস হোল্ড ভিসায় তাদের বিদেশ পাঠানো হয়। কখনো কখনো এন্টারটেইনমেন্ট ভিসাতেও কাজ হয়। বিদেশ পাঠানোর এই প্রক্রিয়ার সঙ্গে একাধিক চক্র জড়িত। দুবাইয়ে অভিবাসী বাংলাদেশিরা যেসব বার চালায় সেখানেও 'ড্যান্সার' হিসেবে নিয়ে যাওয়া হয় পাচার করা মেয়েদের।
গত রোজার ঈদের আগে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি লেবাননগামী একটি দলকে উদ্ধার করে। ওই দলের ৩/৪ জন আগেও ড্যান্সবারে কাজ করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জেনেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি দালাল রয়েছে। মূলত তারাই দেশের দালালদের সঙ্গে যোগাযোগ করে পাচারের প্রাথমিক উদ্যোগ নেয়। যে লোকের জন্য মেয়েদের নিয়ে যাওয়া হয়, সেই সব খরচ দেয়। পাচারের পর সেখানে গিয়েও কয়েক দফা হাতবদল চলে। প্রতিবারে এক থেকে তিন লাখ টাকায় বিক্রি হয় এক একজন মেয়ে। বাংলাদেশ থেকে যাদের পাচার করা হয় তাদের অধিকাংশই যায় পাকিস্তান, দুবাই, সৌদি আরব ও লেবাননে। প্রতিবেশী দেশ ভারতেও পাচার হয় অনেকে। কলকাতা, গোয়া, দিল্লী, পুনা ও মহারাষ্ট্রের পতিতাপল্লীগুলোয় বেশ কিছু বাংলাদেশি মেয়ে আছে বলেও জানান তারা।
পাচারের পর কলকাতা থেকে পালিয়ে আসা জেসমিন (ছদ্মনাম) জানান, সেখানে অনেক বাংলাদেশি মেয়েকে দেখেছেন তিনি।
ইউএনএফপিএর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাচার হয়ে বিদেশ যাওয়া প্রাপ্তবয়স্ক নারীদের অধিকাংশই গৃহপরিচারিকার কাজে আসেন নিজের ইচ্ছায়। আর্থিক অনটনই এর মূল কারণ। কোনো কোনো ক্ষেত্রে বিবাহিত জীবনে নির্যাতনের হাত থেকে রেহাই পেতেও তারা গৃহস্থালীর কাজ নিয়ে বিদেশে পাড়ি দিতে আগ্রহী হন। বিদেশ যাওয়ার পর যারা সত্যি সত্যি গৃহকর্মীর কাজ পান তাদেরও কাউকে কাউকে অসহনীয় পরিস্থিতিতে দিন কাটাতে হয়। প্রায় বন্দি জীবনে সহ্য করতে হয় শারীরিক ও মানসিক নির্যাতন।
ওই প্রতিবেদনে আরো বলা হয়, সারা বিশ্বেই গৃহকর্মীর চাহিদা বাড়ছে। এর ফলে আগামী দিনগুলোতে আন্তর্জাতিক অভিবাসন আরো বেড়ে যাবে। সুতরাং পাচার ঠেকাতে ও গৃহকর্মীদের মানবাধিকার রক্ষায় এখনই পদক্ষেপ নিতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এসকে/১৬৫৯ঘ.
bdnews24