২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুর্শিদ কুলি খান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুর্শিদ কুলি খানকে ব্যাংকটির ডেপুটি গভর্নর হিসেবে চার বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 01:12 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুর্শিদ কুলি খানকে ব্যাংকটির ডেপুটি গভর্নর হিসেবে চার বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করে। এর আগে তিনি তার আগের পদ থেকে পদত্যাগ করেন। তার এই নিয়োগ যোগদানের দিন থেকে কার্যকর হবে। সংস্থাপন মন্ত্রণালয়ের আরেকটি আদেশে চট্টগ্রাম শুল্ক ভবনের (আমদানি) যুগ্ম-কমিশনার মুহাম্মদ আশরাফ আলী ফারুককে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক নিয়োগ করা হয়েছে। দুদকের উপ-পরিচালক হিসেবে প্রেষণে কর্মরত জীবন কৃষ্ণ রায়কে প্রত্যাহার করে তাকে তার আগের কর্মস্থল বাংলাদেশ ব্যাংকে ফেরত পাঠানো হয়েছে। এদিকে সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জুলফিকার হায়দারকে জরিপ অধিদপ্তরের সার্ভে সুপার পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এছাড়া প্রশাসনের উপ-সচিব পর্যায়ের কয়েকটি পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব জ্যোতির্ময় বর্মন ও ওয়াহিদুল ইসলামকে রেগুলেটরি রিফর্মস কমিশনের সার্বিক কার্যক্রমে সহায়তা করার জন্য বিনিয়োগ বোর্ডে সংযুক্ত করা হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব ড. আখতারুজ্জামান হামিদীকে পানি সম্পদ মন্ত্রণালয়ে, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব আবদুল হালিমকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব মজিবুর রহমানকে জাতীয় সংসদ সচিবালয়ে এবং ওএসডি উপ-সচিব জগন্নাথ দাস খোকনকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। শেরপুরের ঝিনাইগাতির সহকারী কমিশনার (ভূমি) সুমন রেজাকে বিয়াম ফাউন্ডেশনের সহকারী পরিচালক এবং সুনামগঞ্জের দিরাই-এর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা বিপুল কান্তি মন্ডলকে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের (৩য় পর্যায়) হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এমএ/১৯০০ঘ.