ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঐতিহাসিক কাগমারী সম্মেলনের সুবর্ণ জয়ন্তী পালনে সরকার অনুমতি না দেয়ায় এর তীব্র প্রতিবাদ জানিয়েছে 'কাগমারী সম্মেলন ৫০ বছর পূর্তি জাতীয় কমিটি'।
১৫, ১৬ ও ১৭ নভেম্বর এ পূর্তি অনুষ্ঠান পালনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই নির্ধারিত তারিখে কাগমারী সম্মেলনের সুবর্ণ জয়ন্তী পালনে অনুমোদন দেয়নি। এ অবস্থায় কমিটি আগামী বছরের ৭, ৮ ও ৯ ফেব্র"য়ারি এটি উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার 'কাগমারী সম্মেলন ৫০ বছর পূর্তি জাতীয় কমিটি' ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে কর্মসূচি পালনে স্বরাষ্ট্রমন্ত্রণালয় অনুমতি না দেয়ার বিষয়টির তীব্র প্রতিবাদ জানানো হয়।
১৯৫৭ সালের ৭, ৮ ও ৯ ফেব্র"য়ারি টাঙ্গাইলের কাগমারীতে ঐতিহাসিক 'পূর্ব পাকিস্তান কৃষি শিল্প কৃষ্টি সম্মেলন' হয়েছিল। সেখানে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দাবি পূরণ না হলে পশ্চিম পাকিস্তানীদের 'আস্সালামোওয়ালায়কুম' জানিয়েছিলেন। ভাসানী তার ওই বক্তৃতায় সর্বপ্রথম পৃথক রাষ্ট্র গঠনের ইঙ্গিত দেন।
কমিটির সম্পাদক সৈয়দ ইরফানুল বারী লিখিত বক্তব্যে অভিযোগ করেন, এ ঐতিহাসিক সম্মেলনকে স্মরণ করতে গঠিত কমিটি ১৫, ১৬ ও ১৭ নভেম্বর তিনদিনের ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই নির্ধারিত দিনে এসব কর্মসূচি পালনের অনুমতি দেয়নি।
তিনি আরও জানান, পরিবর্তিত সময়সূচিতে তিন দিনব্যাপী সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, নাটক, সঙযাত্রা, ব্রতচারী, লাঠিখেলা, গ্রামীণ মেলা, মাওলানা ভাসানীর ওপর আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এছাড়া এ উপলক্ষে মাওলানা ভাসানী ও তার রাজনীতি নিয়ে দেশ বিদেশের লেখা নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এমএ/১৬০১ঘ.
bdnews24