২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে আরও ৫ জন গ্রেপ্তার

ইয়াবাসহ অন্যান্য মাদক বিক্রির অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রোববার রাতে পাঁচজনকে আটক করেছে। আটককৃতরা হলো-রুবি, পায়েল, রাশিদা আক্তার রোজা ওরফে জাহানারা, আইরিন রহমান পলি ও মাসুদ পারভেজ। আটককৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 09:44 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ইয়াবাসহ অন্যান্য মাদক বিক্রির অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রোববার রাতে পাঁচজনকে আটক করেছে। আটককৃতরা হলো-রুবি, পায়েল, রাশিদা আক্তার রোজা ওরফে জাহানারা, আইরিন রহমান পলি ও মাসুদ পারভেজ। আটককৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে। অভিযানে অংশ নেয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রমনা সার্কেলের পরিদর্শক এসএম শামসুল কবীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত ৮ টা থেকে ১২ টা পর্যন্ত অভিযান চলে। এদের ধরা হয়েছে মূলত তথ্যের জন্য। ইয়াবাসহ এ জাতীয় মাদকের সিন্ডিকেট সম্বন্ধে এদের কাছে প্রচুর তথ্য রয়েছে বলে আমরা জানতে পেরেছি।" সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেগুনবাগিচার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযানের বিষয়ে বিস্তারিত জানান অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ--অঞ্চলের সহকারী পরিচালক ফজলুর রহমান। তিনি বলেন , বেশ কয়েকদিন ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের কর্মকর্তারা এ সিন্ডিকেটের খোঁজে ছিল। কয়েকদিন আগে এ সিন্ডিকেটের প্রধান রুবির সঙ্গে কর্মকর্তারা ক্রেতা সেজে সেলফোনে যোগাযোগ করেন। তার কাছে ৪০টি ইয়াবা কেনার অর্ডার দেয়া হয়। সে দেব-দিচ্ছি করে কয়েকদিন ঘুরিয়ে রোববার রাত ৮টার দিকে কর্মকর্তাদের কাকরাইলের প্যাসিফিক সুপার সেন্টারের সামনে আসতে বলে। এরপর রুবি, পায়েল ও রোজা সেখানে ৪০টি ট্যাবলেটসহ উপস্থিত হলে তাদের আটক করা হয়। তাদের তথ্যানুযায়ী ১৫/১৭ শান্তিনগরের হোমটেক মাহাবুব টাওয়ারের দোতালার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ফ্যাশন ডিজাইনার পলি ও তার ভাই মাসুদ পারভেজকে আটক করা হয়। তাদের ফ্ল্যাট থেকে ১২ টি আইসপিল ও ৬ গ্রাম হোরোইন উদ্ধার করা হয়। ফজলুর রহমান জানান, রুবি দীর্ঘদিন ধরে এ ব্যবসা করে আসছিল। মূলত ক্রেতারা তার সাথে সেলফোনে যোগাযোগ করলে তার নিয়োগকৃত মেয়েরা সেটা ক্রেতার কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসতো। তিনি জানান, পায়েল স্ট্যান্ডার্ড লুঙ্গির মডেল হয়েছিল। এছাড়া সে চিত্রনায়িকা শানুর ননদ। শানুকে দু'দিন আগে খিলগাঁ পুলিশ তার বনশ্রীর বাসা থেকে গ্রেপ্তার করেছে। ফজলুর রহমান আরও জানান, জিজ্ঞাসাবাদে পলি জানিয়েছে তারা তাদের বাসা ঘণ্টা হিসেবে জুটিদের কাছে ভাড়া দিতো। এক ঘণ্টার জন্য একটি রুম তারা একহাজার টাকা করে ভাড়া নিতো। এছাড়া সেখানে হেরোইনের ব্যবসাও করত। পলির ভাই মাসুদ পারভেজ ১৯৯৩ সালে বগুড়া জেলাস্কুল থেকে রাজশাহী বোর্ডে ১৭তম স্থান লাভ করে। এইচএসসি পড়ার সময় সে হেরোইনে আসক্ত হয়ে পড়ে। পরে বগুড়া আজিজুল হক কলেজ থেকে অনার্স-মাস্টার্স শেষ করে ঢাকায় এসে দু' ভাই-বোন মিলে হোরোইনের ব্যবসা শুরু করে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে আটককৃতদের হাজির করা হয়। রুবি সাংবাদিকদের বলেন, "মডেলকন্যা হিসেবে পরিচিত অনেক মেয়েই এ পেশায় রয়েছে। তাদের মূল কাজ গ্রাহক যোগাড় করা এবং গ্রাহকের কাছে মাদক পৌঁছে দেওয়া।" তিনি জানান, তার জানামতেই এ ধরনের অন্তত এক হাজার মেয়ে রয়েছে, যারা মাদক ক্রেতার হাতে পৌঁছে দেয়। মেয়েদের দিয়ে এ কাজে ঝঁ^ুকি কম বলে মেয়েরাই সরবরাহের কাজটা বেশি করে। তার বিনিময়ে ওইসব মেয়েদের মোটা অংকের টাকা দিতে হয়। তিনি আরও জানান, ইয়াবা বিরোধী অভিযান শুরু হওয়ার পর বাজারে ইয়াবার দাম বেড়ে গেছে। অভিযানের আগে যেসব ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে এসেছিল সেগুলোই এখন বিক্রি হচ্ছে চড়া দামে। এখন একেকটা ইয়াবা ট্যাবলেট পাইকারী কিনতে হচ্ছে ৪ থেকে ৫শ' টাকায়। একেকটা আইসপিলের দাম হয়েছে এক হাজার টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, জিজ্ঞাসাবাদে রুবি বেশ কয়েকজন মডেলের নাম বলেছে। তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/এমএ/১৫৩১ঘ.