রংপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বদরগঞ্জ উপজেলা সদর এবং পীরগঞ্জ উপজেলার লালদীঘি বাজারে সোমবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।
নিহতদের একজনের নাম আব্দুল গনি (৬০)। অপরজনের নাম জানা যায়নি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বদরগঞ্জ উপজেলা সদরের কাছে দিনাজপুরের পার্বতীপুর থেকে রংপুরগামী রিয়েল পরিবহনের একটি বাসের চাপায় আব্দুল গনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করলে পার্বতীপুর ও বদরগঞ্জের সঙ্গে রংপুরের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত আব্দুল গনির বাড়ি বদরগঞ্জ উপজেলার উত্তর বাওচন্ডি ইউনিয়নের পাকারমাথা গ্রামে। পুলিশ বাসটি আটক করতে পারেনি ।
এদিকে পীরগঞ্জ উপজেলার লালদীঘি বাজারের কাছে বিআরটিসি বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হন বলে জানিয়েছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।
তিনি বিডিনিউজ টয়েন্টিফোর ডটকমকে জানান, রংপুর থেকে বগুড়াগামী বিআরটিসির একটি বাস ওই পথচারীকে চাপা দিয়ে চলে যায়। এতে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩২৫ ঘ.
bdnews24