ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ পাকিস্তানের ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "আমরা এখনো পাকিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।"
পরমাণু শক্তিধর দেশ হওয়ায় পাকিস্তানকে গোটা বিশ্ব ও দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্্র অভিহিত করে ইফতেখার আহমদ বলেন, "আমরা দৃঢ়ভাবে আশা করি, পাকিস্তানের পরিস্থিতি অস্থিতিশীলতার দিকে যাবে না।"
তিনি আরো বলেন, "পাকিস্তানে যা কিছু হচ্ছে তা তাদের অভ্যন্তরীণ সমস্যা। দেশের ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেদেশের জনগণের হাতেই থাকা উচিৎ।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এমএ/১৮০৬ঘ.
bdnews24