২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ভেসে যাওয়া আরো এক শিক্ষার্থীর লাশ উদ্ধার

কক্সবাজারে শিক্ষা সফরে এসে সাগরে ভেসে যাওয়া আরো এক শিক্ষার্থীর লাশ শনিবার উদ্ধার করা হয়েছে। শুক্রবার এক জনের লাশ উদ্ধার করা হয়। ভেসে যাওয়া তিন শিক্ষার্থীর এক জন এখনো নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2007, 08:44 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

কক্সবাজার, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে শিক্ষা সফরে এসে সাগরে ভেসে যাওয়া আরো এক শিক্ষার্থীর লাশ শনিবার উদ্ধার করা হয়েছে। শুক্রবার এক জনের লাশ উদ্ধার করা হয়। ভেসে যাওয়া তিন শিক্ষার্থীর এক জন এখনো নিখোঁজ রয়েছেন। শনিবার সকালে সৈকতের ইসলামিয়া কামিল মহিলা মাদ্রাসা পয়েন্টে চট্টগ্রাম নগরীর মেরন সান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শফিউল হোসেনের (১৪) লাশ ভেসে আসে। স্থানীয়রা খবর দিলে শফিউলের বাবা সৈয়দ হোসেন ঘটনাস্থলে যান। সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয় বলে সৈয়দ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান। লাশ চট্টগ্রাম নিয়ে যাবার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। শুক্রবার সন্ধ্যায় আবদুল হান্নান ওয়াসিফের লাশ উদ্ধার করা হয়। অপর শিক্ষার্থী জালাল উদ্দিন শাকিবের হদিস এখনো মেলেনি। মেরন সান স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোশতাক আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ৯৩ জন ছাত্র নিয়ে সাত জন শিক্ষক শুক্রবার সকালে শিক্ষা সফরে কক্সবাজার আসেন। বিকাল সাড়ে ৩টার দিকে সাগরে জোয়ার এলে তিন শিক্ষার্থী ভেসে যায়। কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এ পর্যন্ত দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে। অপর জনের সন্ধানেও চেষ্টা চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৮ ঘ.