সিলেট, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটচকম) - গোলাপগঞ্জ উপজেলা ভবনে বৃহস্পতিবার গভীর রাতে ১০টি কার্যালয়ের তালা ভেঙে কাগজপত্র তছনছ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা ভবনের একজন নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ।
যেসব কার্যালয়ের তালা ভাঙা হয়েছে সেগুলো হল- উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, অফিস সহকারীর (ইউএনওর সিএ) কার্যালয়, উপজেলা মৎস্য কার্যালয়, সেটেলমেন্ট কার্যালয়, ভূমি তফশিল কার্যালয়, সহকারী (ভূমি) কমিশনারের কার্যালয়, যুব উন্নয়ন কার্যালয়, উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়, হিসাবরক্ষক কর্মকর্তার কার্যালয় ও নির্বাচন কর্মকর্তার কার্যালয়।
শুক্রবার সকালে এসব কার্যালয়ের টেবিলে ও আলমিরায় রাখা বিভিন্ন কাগজপত্র তছনছ অবস্থায় পাওয়া গেছে। কার্যালয়গুলোর ভেতর মূল্যবান আসবাবপত্র থাকলেও এগুলোর কোনোটিই খোয়া যায়নি। তবে কাগজপত্র খোয়া গেছে কিনা এ বিষয়ে পুলিশ ও প্রশাসন এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খলিলুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাতের বেলা কোনো চক্র কক্ষগুলোর তালা ভেঙে এ ঘটনা ঘটিয়েছে। কিন্তু কী কারণে এ কাজ করল তা ভেবে পাচ্ছি না।"
তিনি জানান, ১০টি কার্যালয়ের কর্তব্যরতদের ফাইলপত্র ও বিভিন্ন আসবাবসামগ্রীর তালিকা করতে বলা হয়েছে। এ তালিকার সঙ্গে আগের তালিকার হিসাব মিলিয়ে দেখা হবে কিছু খোয়া গেছে কিনা।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহউদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোলাপগঞ্জ উপজেলা কমপ্লেক্সে বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে। শুক্রবার সকাল আটটার দিকে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারীর কক্ষের দরজা খোলা দেখে। ছুটির দিনেও কার্যালয় খোলা দেখে তারা ভেতরে ঢুকে অন্য নয়টি কার্যালয়ের তালা ভাঙা দেখতে পান। সঙ্গে সঙ্গে ইউএনও ও পুলিশকে খবর দেওয়া হয়।
ইউএনও পুলিশ নিয়ে ১০টি কার্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
ওসি বলেন, "ঘটনাটি আসলেই রহস্যজনক। কী কারণে কারা এটা করেছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এ ব্যাপারে ১০টি কার্যালয়ের পক্ষ থেকে ১০ লিখিত অভিযোগ থানায় লিপিবদ্ধ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা কমপ্লেক্সের নৈশপ্রহরী আবুল হোসেনকে আটক করা হয়েছে।"
ওসি বলেন, "জিজ্ঞাসাবাদে নৈশপ্রহরী জানিয়েছে বৃহস্পতিবার রাতে তার ডিউটি ছিল না।"
এক সঙ্গে ১০টি কার্যালয়ের তালা ভেঙে অফিস সামগ্রী তছনছের সঙ্গে সেটেলমেন্ট কার্যালয়ের সিন্ধুক, আলমিরাসহ টেবিলের ড্রয়ারের তালাও ভাঙা পাওয়া গেছে। সেখানে মূল্যবান দলিলপত্রাদিও তছনছ অবস্থায় পাওয়া গেছে।
সেটেলমেন্ট সিলেটের আঞ্চলিক কর্মকর্তা মো. আবদুর রউফ জানান, কী কী দলিল তছনছ হয়েছে, তা খুঁজে দেখতে তালিকা করা হচ্ছে। এখনই বোঝা যাচ্ছে না দলিলপত্রের কতটি খোয়া গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২৪০ ঘ.
bdnews24