ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সন্দেহভাজন ইয়াবা ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস নিকি ওরফে আখিঁ এবং তার বাবা-মা ও ভাইকে শুক্রবার তিন দিনের রিমান্ডে নিয়েছে র্যাব।
গত ৫ অক্টোবর রমনা থানায় দায়ের করা মাদক সংক্রান্ত মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। টিকাটুলিতে র্যাব-৩ কার্যালয়ে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম দৌলত আকবর জানান, র্যাব মামলাটির তদন্ত করছে।
র্যাব-৩ এর উপ-অধিনায়ক মেজর মবিনুর রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রমনা থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশের মামলায় শুক্রবার র্যাব-৩ এর উপ-পরিদর্শক সেলিম বাদশা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত আসামিদের উপস্থিতিতে উভয়পক্ষের শুনানি শেষে ৩ দিন মঞ্জুর করেন।
আদালতে উপস্থাপন করা পুলিশের প্রতিবেদনে বলা হয়, নিকির ইয়াবা ব্যবসার অনেক চাঞ্চল্যকর তথ্য তার বাবা আবদুন নূর, মা সালেহা খাতুন ও ভাই মঈন উদ্দিন জানে। এ ব্যাপারে তাদের আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
মেজর মবিন বলেন, "আসামিদের বর্তমানে র্যাব-৩ কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ইয়াবার পাইকারি ব্যবসা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আমরা আশা করছি।"
ইয়াবা ব্যবসায় জড়িত সন্দেহে র্যাবের ব্যাপক খোঁজাখুজির মধ্যে গত রোববার নিকি ও হোটেল পূর্বানীর ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুর রহমান জয়নাল ঢাকার সিএমএম আদালতে হাজিরা দিতে গেলে র্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করে। পরে কর্নফুলী গার্ডেন সিটির বাসায় অভিযান চালিয়ে নিকির বাবা-মা, ভাইকে আটক করা হয়।
এদিকে মোহাম্মদপুর থানার উপ--পরিদর্শক সিদ্দিক খান জানান, মোহাম্মদপুর থানায় জয়নালের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার মধ্যে তিনটির তদন্তভার র্যাবকে দেওয়া হয়েছে। র্যাব-৩ এ মামলাগুলো তদন্ত করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এমএইচবি/২২১৪ ঘ.
bdnews24