ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিশিষ্ট সাংবাদিক এনায়েতুল্লাহ্ খানের দ্বিতীয় মৃত্যূবার্ষিকী আগামী শনিবার।
যকৃতের ক্যান্সারে ২০০৫ সালের ১০ নভেম্বরে কানাডার টরেন্টো জেনারেল হাসপাতালে মৃত্যূবরণ করেন এনায়েতুল্লাহ্ খান। তখন তার বয়স হয়েছিল ৬৬ বছর।
সাংবাদিকতার জন্য একুশে পদকপ্রাপ্ত এনায়েতুল্লাহ্ খান ১৯৫৯ সালে পাকিস্তান অবজারভার এ প্রদায়ক প্রতিবেদক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৫ সালে তিনি ইংরেজি সাপ্তাহিক হলিডে প্রতিষ্ঠা করেন এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পান ১৯৬৬ সালে। বাংলাদেশ টাইমস এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত। ইংরেজি দৈনিক নিউ এজ প্রকাশ করেন ২০০৩ সালের জুন মাসে।
সাংবাদিকতা ছাড়াও বৈচিত্র্যময় কর্মজীবনে তিনি ১৯৭৭ থেকে ৭৮ সাল পর্যন্ত মন্ত্রী এবং ১৯৮৪ থেকে ৮৯ সাল পর্যন্ত চীন, দক্ষিণ কোরিয়া, কম্বোডিয়া ও মিয়ানমার এর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
এনায়েতুল্লাহ্ খান ১৯৩৯ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন। তার বাবা বিচারপতি আব্দুল জব্বার খান পাকিস্তানের জাতীয় সংসদের স্পীকার ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমএআর/এমএ/১৬৫৫ঘ.
bdnews24