২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের সাফল্য ধরে রাখার তাগিদ দিলেন নৌ উপদেষ্টা

যোগাযোগ ও নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের অর্জিত সাফল্য ধরে রাখতে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষকে যৌথভাবে কাজ করে যাওয়ার তাগিদ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 12:20 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

চট্টগ্রাম, নভেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ ও নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের অর্জিত সাফল্য ধরে রাখতে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষকে যৌথভাবে কাজ করে যাওয়ার তাগিদ দিয়েছেন। বৃহস্পতিবার সকালে বন্দর ভবনে চট্টগ্রাম বন্দর ও শুল্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ তাগিদ দেন উপদেষ্টা। তিনি বন্দরের কর্মকাণ্ডে শৃঙ্খলা, গতিশীলতা ও দক্ষতা বৃদ্ধির জন্য যৌথবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। যৌথবাহিনী চিরদিন থাকবে না জানিয়ে উপদেষ্টা বলেন, বন্দরের অর্জিত সাফল্য যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান কমডোর এম ফারুক এবং চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার (আমদানি) এম. লুৎফর রহমান ও কমিশনার (রপ্তানি) মারগুব আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বৈঠকে চবক এর পক্ষ থেকে নিলাম নিয়ে শুল্ক বিভাগের সময়ক্ষেপণের অভিযোগকরা হয়। এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা প্রতি তিন সপ্তাহ পর পর পণ্যের নিলাম অনুষ্ঠানের নির্দেশ দেন। তিনি এ ব্যাপারে চট্টগ্রাম বন্দর ও শুল্ক কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠনেরও পরামর্শ দেন। এ সময় শুল্ক কমিশনার লুৎফর রহমান শুল্ক বিভাগের আওতা ও কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে বিস্তারিত জানান। তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথম চার মাসে চট্টগ্রাম কাস্টম হাউজ রাজস্ব আয় নির্ধারিত লক্ষ্যমাত্রার চাইতে ১৯৩ কোটি টাকা এগিয়ে আছে। পরে উপদেষ্টা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন পোর্ট পার্ক কন্টেইনার ইয়ার্ড, চিটাগাং কন্টেইনার টার্মিনাল ও নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ঘুরে দেখেন। বেলা দুইটায় তিনি তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শনে যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/টিএইচ/এসএনডি/১৮০৮ ঘ.