ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চলতি অর্থ বছরে সার সংকট মোকাবেলায় বিভিন্ন দেশ থেকে সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ ব্যাপারে কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থ উপদেষ্টা এবিএম মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পৌনে চার লাখ মেট্রিকটন ইউরিয়া আমদানির অনুমোদন দেয়া হয়।
এ ব্যাপারে অর্থ উপদেষ্টা বলেন, "এ মুহূর্তে দেশে কোনো রকম সার সংকট নেই। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা সার আমদানির সিদ্ধান্ত নিয়েছি।"
ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে সার আমদানির অনুমোদন ছাড়াও এক লাখ ১৩ হাজার টন চাল আমদানির অনুমোদন দেয়া হয়।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বেশিরভাগ সার আমদানি করা হবে চীন থেকে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের উপ-মহাব্যবস্থাপক (ক্রয়) কামরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক্ষেত্রে প্রতিটন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৪১০ থেকে ৪২২ ডলারের মধ্যে।"
তিনি জানান, ২০০৭-০৮ অর্থ বছরের জন্য ২৮ লাখ টন সারের চাহিদা নির্ধারণ করা হয়েছে; যার মধ্যে ৯ লাখ টন বিদেশ থেকে আমদানি করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এএল/এমএ/১৬০৮ঘ.
bdnews24