চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর হালিশহর ও পাঠানটুলির মগপুকুর পাড় এলাকায় বুধবার অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জামসহ সরওয়ার কামাল (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
উদ্ধার করা সরঞ্জামের দাম প্রায় নয় লাখ টাকা বলে জানান র্যাব- ৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম।
তিনি বলেন, হালিশহর কে ব্লকের তিন নম্বর সড়কের সাত নম্বর বাড়িতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে ৪৮টি টেলুলার, দুটি কুইনটাম, একটি কম্পিউটারসহ ভিওআইপির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় গ্রেপ্তার করা সরওয়ার কামালকে।
তিনি আরও জানান, র্যাব-৭ এর অন্য একটি দল পাঠানটুলির মগপুকুর পাড়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১১টি টেলুলার, দুটি হাওয়াই সেট, পাঁচটি র্যাংগসটেল চার্জারসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। অভিযানের সময় বাসাটিতে কাউকে পাওয়া যায়নি।
বাসাটি ভাড়া নিয়ে সাতকানিয়া উপজেলার মো. বিপ্লব ভিওআইপি ব্যবসা করতেন বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসএনডি/২২৩৫ ঘ.
bdnews24