পাবনা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগ আলাদা হওয়ার পর পাবনায় আদালতে মামলার কার্যক্রমের গতি বেড়েছে। জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত চার দিনে শুনানি হয়েছে ৫০০ মামলার। এতে সন্তোষ প্রকাশ করেছেন বিচারপ্রার্থী ও আইনজীবীরা।
পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়েদুর রহমান খান বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত আদালতের কাজ চলছে। ১ নভেম্বর থেকে চার কার্যদিবসে প্রায় ৫০০ মামলার শুনানি হয়েছে। এর মধ্যে নতুন মামলা হয়েছে প্রায় ৬০টি।"
প্রায় ৮ হাজার মামলা নিয়ে পাবনার দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নভেম্বর তাদের কার্যক্রম শুরু করেন। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হওয়ার প্রথম দিন চারটি মামলার নথি উপস্থাপন হয়।
সাধারণ বিচার প্রার্থীরা জানান, আগে ম্যাজিস্ট্রেট আদালতে ধীর গতিতে মামলা পরিচালনা হতো। এখন খুব তাড়াতাড়ি মামলা উপস্থাপন হচ্ছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন মিয়া ও সাধারণ সম্পাদক শাজাহান মন্ডল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিচার বিভাগ আলাদার পর প্রথম অবস্থায় কিছু সমস্যা থাকবে। তবে ৬/৭ মাসের মধ্যে তা কেটে যাবে।
অ্যাডভোকেট আব্দুল মতিন বলেন, "বিচারের জন্য এখন দ্রুত গতিতে নথি উত্থাপিত হচ্ছে, এটা আশাব্যঞ্জক।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৯২৫ ঘ.
bdnews24